গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখা এবং ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসের ২৬ জন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন। ১১ মার্চ ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি পাঠান। চিঠিতে শেখ হাসিনাকে উদ্দেশ করে মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেন, ‘বাংলাদেশ ককাসের সদস্য হিসেবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের খবরে আমরা বিচলিত।’ চিঠিতে বলা হয়, বিগত কয়েক বছরে দুর্নীতি নির্মূল, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়ন, দারিদ্র্য বিমোচন, আইনের শাসন প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে যে ইতিবাচক অগ্রগতি সাধিত হয়েছে, তার কৃতিত্বের দাবিদার হচ্ছে সরকার ও জনগণ। চিঠিতে বলা হয়, দুর্ভাগ্যজনক হলেও সত্য, ড. ইউনুসের সঙ্গে সৃষ্ট এই বিরোধ বাংলাদেশের উল্লিখিত সাফল্যকে অনেকটা ম্লান করে দিয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে বিশ্বব্যাপী সমাদৃত ও স্বীকৃত গ্রামীণ ব্যাংকেও। চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতায় গ্রামীণ ব্যাংকের কার্যকারিতা প্রত্যক্ষ করেছি আমরা অনেকেই। বিশেষ করে, জামানত ছাড়া ঋণপ্রাপ্তির সুবিধা চালু করে ড. ইউনূস দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে এক বিরাট ভূমিকা পালন করেছেন। চিঠিতে বলা হয়, ‘বিগত কয়েক মাস ধরে আমরা আমাদের এই উদ্বেগের বিষয়টি আপনার সরকারকে বারবার অবহিত করা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। এ জন্য গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখতে ড. ইউনূসের সঙ্গে একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছার আহ্বান জানাচ্ছি আমরা।’ চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যদের মধ্যে রয়েছেন জোসেফ ক্রাউলি, গ্যারি একারম্যান, ক্যারোলিন বি মেলোনি, এলিয়ট অ্যাঞ্জেল, বিল পাসক্রেল, রবার্ট আই ওয়েক্সলার, কারেন ম্যাকার্থি, জেনিফার ডন প্রমুখ।