প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফিজিওথেরাপি শিক্ষার্থীদের স্মারকলিপি
পৃথক ফিজিওথেরাপি কলেজ ভবন নির্মাণ ও ফিজিওথেরাপির স্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন ফিজিওথেরাপির শিক্ষার্থীরা।বাংলাদেশ ফিজিওথেরাপি স্টুডেন্টস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক ফিজিওথেরাপির শিক্ষার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হন। শাহবাগ মোড়ে পৌঁছার পর তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। এরপর তাঁরা রাস্তার ওপর বসে পড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পুলিশ পাঁচজন শিক্ষার্থীর একটি প্রতিনিধিদলকে গাড়িতে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করে।যোগাযোগ করা হলে ফিরোজুল আলম জানান, শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।