প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিবাদ
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘আর কার শো করতে দেওয়া হবে না’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।প্রতিবাদে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর দহগ্রাম-আঙ্গরপোতা সফরের সময় তাঁর বক্তৃতায় কোথাও এ কথা বলেননি। প্রথম আলোর মতো বহুল প্রচারিত একটি সংবাদপত্রের এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট, অসত্য সংবাদ পরিবেশনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটি যে অসৎ উদ্দেশ্যে ছাপানো মনগড়া একটি সংবাদ, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কারণ, বর্ণিত সংখ্যার অসংখ্য কপি ছাপা ও বিতরণের পর শিরোনাম ও বিবরণ থেকে সংবাদের ওই অংশটুকু বাদ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, বিএনপি-জামায়াত জোটের নজিরবিহীন দুর্নীতি আজ আন্তর্জাতিকভাবে প্রমাণিত। এই দামি গাড়ির বিশাল বহর সেই তথ্যকেই সঠিক প্রমাণ করে। তথাপি সরকার এখন পর্যন্ত তথাকথিত রোড শো বা কার র্যালিতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। বরং সরকারের সহযোগিতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর নামে এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করে তাঁর ভাবমূর্তির অপূরণীয় ক্ষতি সাধন করা হয়েছে। প্রথম আলো অতীতেও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অসংখ্য বানোয়াট সংবাদ পরিবেশন করে বিষোদ্গার করেছে।কারোরই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে দৈনিকটি নিশ্চয় কোনো বিশেষ অশুভ উদ্দেশ্যে ক্রমাগত মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। এ ধরনের মিথ্যা সংবাদ পরিবেশন করে প্রথম আলো বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় কালিমালেপন করছে, যা সচেতন পাঠক এবং দেশপ্রেমিক জনগণকে বিচলিত না করে পারে না।আমরা আশা করি প্রথম আলো ভবিষ্যতে এরূপ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবে।প্রথম আলোর বক্তব্য‘আর কার শো করতে দেওয়া হবে না’—এই বক্তব্যটি এবং শিরোনাম ভুলবশত প্রথম আলোতে ছাপা হয়েছে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভুলটি নজরে আসার সঙ্গে সঙ্গে রাতেই ছাপা বন্ধ করে তা সংশোধন করা হয়। এরই মধ্যে পত্রিকা ঢাকার বাইরে চলে যায়। অবশ্য রাজধানী ও এর আশপাশের এলাকায় সংশোধিত সংস্করণ পাঠকের হাতে গেছে।তবে অতীতে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীর বিরুদ্ধে প্রথম আলো উদ্দেশ্যমূলক বা মিথ্যা সংবাদ পরিবেশন করেছে বলে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়।