প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের দাবিতে নার্সদের সমাবেশ
নার্স নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বিগত আড়াই বছরেও বাস্তবায়িত না হওয়ায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন আজ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে। পরে সংগঠনটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান।শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নার্সেরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগে এলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার পর সিদ্ধান্ত হয়, সবাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে পারবেন না। পরে পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজা হেনার সভাপতিত্বে ছয়জন প্রতিনিধি দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন না হওয়া এবং পূর্বের প্রচলিত নিয়ম, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিসত্ত্বর নিয়োগ বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের কর্মসূচি অনুষ্ঠিত হয়।২০০৯ সালে প্রধানমন্ত্রী সব শূন্য পদে নিয়োগ দেওয়াসহ আরও ৫০০০ নতুন সৃষ্ট পদে ডিপ্লোমা পাস করা বেকার নার্সদের চাকরিতে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহীদ মিনারে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে সংগঠনটি।