প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার খাসজমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়ার ঘোষণা দেওয়ার এক যুগ পেরিয়ে গেলেও তা পূর্ণ বাস্তবায়িত হয়নি। এখনো দেড় হাজার একর জমি প্রশাসনিক জটিলতায় শ্রেণী পরিবর্তন করা যায়নি।সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আলী নূর খান জানান, ১৯৭২ সালে সরকার জেলার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার আওতাধীন পূর্ব ঢেপুখালী, পশ্চিম ঢেপুখালী, কাঠমহাল, কামিনীবসু, কালাবাড়িয়া-১, কালাবাড়িয়া-২, নোড়া-চারকুনি, ঝায়ামারী, ভাঙ্গানমারী ও বাবুরাবাদ এলাকার ১০টি গ্রামের তিন হাজার ১৭৮ একর জমি খাস ঘোষণা করে। সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় একটি মহল উক্ত জমির রেকর্ডীয় মালিক দাবি করে আদালতে মামলা করে। এ মামলা নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। সর্বশেষ ১৯৮২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পৃথক দুটি রায়ের মাধ্যমে উক্ত জমি কৃষি খাসজমি হিসেবে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত করে তা ভূমিহীনদের মধ্যে স্থায়ীবন্দোবস্ত দেওয়ার আদেশ দেন। সুপ্রিম কোর্ট একই সঙ্গে আগের অবৈধ দখলদারদের নিকট থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়েরও আদেশ দেন। আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার উক্ত এলাকায় ৪৯২ একর কৃষি খাসজমি ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্ত দেয়। কিন্তু ১৯৮৫ সালে স্থানীয় প্রভাবশালী মহলের প্রভাবে সরকার উক্ত কৃষি খাসজমিকে শ্রেণী পরিবর্তন করে ‘বিশেষ জলমহাল’ হিসেবে ঘোষণা করে। ফলে ভূমিহীনদের মধ্যে স্থায়ী বন্দোবস্তের কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে ১৯৯২ সালে উক্ত খাসজমিকে পুনরায় শ্রেণী পরিবর্তন করে ‘বিশেষ চিংড়িমহল’ ঘোষণা করা হয়। একপর্যায়ে উক্ত প্রভাবশালী মহল সংগঠিত হয়ে ১৯৯৮ সালের ১০ মে প্রথম দফায় এবং ২৭ জুলাই দ্বিতীয় দফায় ভূমিহীন পল্লিতে হামলা চালায়। এ হামলায় ভূমিহীন নেত্রী জায়েদা শহীদ হন। এ ঘটনাকে কেন্দ্র করে ভূমিহীনরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। আন্দোলনের একপর্যায়ে ভূমিহীনদের দাবির মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৮ আগস্ট দেবহাটা-কালিগঞ্জের ভূমিহীন এলাকায় আসেন এবং দেবহাটায় সমাবেশে বক্তব্য দেন। ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টনের ঘোষণা দেন। এ ঘোষণার পর সরকার দেবহাটা-কালিগঞ্জের উক্ত খাসজমির ইজারা প্রদানের কার্যক্রম বন্ধ করে এবং ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া শুরু করে। দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক প্রাণ বল্লভ মণ্ডল দেবহাটা ও কালীগঞ্জের এক হাজার ৫২৭ দশমিক ৮৬ একর খাসজমি শ্রেণী পরিবর্তন এবং শ্রেণী পরিবর্তন হওয়া ৭২৫ দশমিক ১৩ একর খাসজমিসহ মোট দুই হাজার ২৫২ দশমিক ৯৯ একর খাসজমি ভূমিহীনদের মধ্যে জরুরি ভিত্তিতে স্থায়ী বন্দোবস্তের দাবি জানান। যেসব ভূমিহীনরা বসবাস করছে, তাদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি পরিবার এখনো জমির দলিল পায়নি। বর্তমান সরকার ভূমিহীনদের নামে ২১৮টি দলিল প্রস্তুত করেছে। সম্প্র্রতি আরও ১০৭ জনের একটি তালিকা করে স্থানীয় উপজেলা প্রশাসন জেলা রাজস্ব বিভাগে পাঠিয়েছে দলিল করার অনুমতির জন্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বশেষ যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে ভূমিহীন নয় এমন ব্যক্তির নাম রয়েছে। দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবহাটা-কালীগঞ্জের খাসজমি ভূমিহীনদের মধ্যে বিতরণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখনো তার পূর্ণ বাস্তবায়ন হয়নি। সাতক্ষীরার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ বলেন, দেবহাটা-কালীগঞ্জের ১০টি গ্রামের খাসজমির দলিল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেক দলিল ভূমিহীনদের মধ্যে বিতরণও করা হয়েছে। বাকি জমির দলিল তাড়াতাড়ি হস্তান্তর করা হবে। এ ছাড়া যেসব জমির এখনো শ্রেণী পরিবর্তন করা যায়নি, তা শ্রেণী পরিবর্তনের জন্য ভূমি মন্ত্রণালয়ে সুপারিশ করে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আদেশ না আসা পর্যন্ত আইনগত জটিলতার কারণে এসব জমি ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া সম্ভব হচ্ছে না।। অবৈধভাবে কেউ খাসজমি দখল করে থাকলে, তা আইনি প্রক্রিয়ায় উদ্ধার করা হবে।