প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শ্রবণপ্রতিবন্ধীরা তথ্যবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এক বছরেও দেশের প্রায় ২৬ লাখ শ্রবণপ্রতিবন্ধীকে দোভাষীর মাধ্যমে ইশারা ভাষায় তথ্যসেবা দেওয়ার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত কিংবা প্রধানমন্ত্রীর ঘোষণা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।বর্তমানে বিটিভিতে পাঁচ পাঁচ মিনিটের ও চলতি মাসের ১ তারিখ থেকে সন্ধ্যা ছয়টা ১০ মিনিটের দেশ ও জনপদের সংবাদে ইশারা ভাষার ব্যবহার হচ্ছে। অন্যদিকে শুধু বেসরকারি চ্যানেল দেশটিভির সাতটার খবরে প্রতিবন্ধীরা এ সুযোগ পাচ্ছেন। সরকারি ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় শ্রবণ ও বাকপ্রতিবন্ধী এবং উন্নয়নকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিটিভিতে রাত আটটার খবরে এ ভাষার ব্যবহার না হওয়ায় অন্য বেসরকারি চ্যানেলগুলোকে তেমন একটা চাপ দেওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিমত।সরকার শ্রবণ ও বাকপ্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাষাগত পরিচয়কে সমুন্নত করার লক্ষ্যে বাংলা ইশারা ভাষায় বিটিভিসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে দোভাষীর মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারের সিদ্ধান্ত নেয় গত বছর। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধীবিষয়ক শাখা থেকে গত বছরের ২৭ জানুয়ারি গণমাধ্যমে ইশারা ভাষাকে গুরুত্ব দেওয়াসংক্রান্ত স্মারকপত্রে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলকে দোভাষীর মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের ব্যবস্থা নিতে বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর একুশে বইমেলার উদ্বোধনী বক্তব্যে বাংলা ইশারা ভাষাকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দেওয়ার কথা জানান। কিন্তু এ ব্যাপারে অগ্রগতি হয়েছে সামান্যই।সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্সের চেয়ারম্যান এম ওসমান খালেদ দোভাষীর মাধ্যমে প্রথম আলোকে বলেন, বেসরকারি (দেশটিভি ছাড়া) চ্যানেল এ ভাষার ব্যবহারে কোনো উদ্যোগ নেয়নি, যা খুবই দুঃখজনক। ফলে প্রতিবন্ধীরা তথ্যঅধিকার থেকে বঞ্চিত হচ্ছে।দেশটিভিতে সাতটার খবরে ইশারা ভাষায় দোভাষীর কাজ করছেন মাহমুদা রহমান। তাঁর বাবা ঢাকা বধির সংঘের মিজানুর রহমান ও মা রেজিনা রহমান দুজনই শ্রবণ ও বাকপ্রতিবন্ধী।দেশটিভি যাত্রা শুরুর দিন থেকে একটি সংবাদে এই ভাষা ব্যবহার করছে। তবে সংবাদে প্রতিবেদকের বর্ণনা ও ছবি দেখানোর সময় এই ভাষার ব্যবহার না থাকায় বাক-শ্রবণপ্রতিবন্ধীরা পুরো খবর বুঝতে পারেন না বলে জানান তিনি।বিটিভির উপমহাপরিচালক শেখ সালেক প্রথম আলোকে জানান, মূলত ইশারা ভাষায় দোভাষীর অভাবে রাত আটটার সংবাদে ইশারা ভাষা চালু করা সম্ভব হচ্ছে না।সম্প্রতি এক অনুষ্ঠানে বিটিভির মহাপরিচালক্রকাজী আবু জাফর সিদ্দিকী জানান, প্রয়োজনীয় সংবাদ উপস্থাপক ও কারিগরি সহায়তা পেলে বিটিভি রাত আটটার সংবাদসহ ইশারা ভাষায় বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেবে।আন্তর্জাতিক সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ গণমাধ্যমের সংবাদের জন্য উপযোগী করে এ পর্যন্ত মোট ১৬ জন ছেলেমেয়েকে দোভাষীর প্রশিক্ষণ দিয়েছে। অ্যাকশন এইডের অধিকার ও সামাজিক ন্যায়বিচার বিভাগের প্রধান রাবেয়া সুলতানা বলেন, সে ক্ষেত্রে দোভাষী সংকটের অজুহাতটি ঠিক নয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক জাতিসংঘ সনদে ইশারা ভাষাকে পৃষ্ঠপোষকতা দিতে রাষ্ট্রকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ এই সনদে ঐচ্ছিক প্রতিপালনীয় বিধিবিধানসহ অনুমোদন দিয়েছে। ফলে বাংলাদেশ এই বিধিবিধান মানতে বাধ্য। কিন্তু বাস্তবে এই ভাষা অবহেলিত।তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমে ইশারা ভাষা ব্যবহারকে গুরুত্ব দিচ্ছে। কিছু কারিগরি সমস্যার কারণে বিটিভিতে রাত আটটার সংবাদে এ ভাষার ব্যবহার দেরি হচ্ছে। সরেজমিনে পরিদর্শন করে এ সমস্যা সমাধান করে দ্রুত ইশারা ভাষা চালুর জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।