ঈদের দুই দিন আগে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ সেপ্টেম্বর এক দিনে তিনি চারটি প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হচ্ছে: শিকলবাহা বিদ্যুেকন্দ্র এলাকায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুেকন্দ্র, দ্বিতীয় কর্ণফুলী সেতু, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি ও চট্টগ্রাম আদালত ভবনে নবনির্মিত জজকোর্ট।এই সফরকালে প্রধানমন্ত্রী কর্ণফুলী নদীর দক্ষিণ পারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক এলাকার পরিত্যক্ত মাঠে জনসভা এবং কর্ণফুলীর এপারে আদালত ভবনে এক সমাবেশে বক্তব্য দেবেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঈদের ছুটি শুরুর আগমুহূর্তে চট্টগ্রামে এ ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের প্রস্তুতি নিচ্ছে, তাতে নগরজীবন ও ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা আছে। বিশেষ করে জনসভা ও উদ্বোধনের জন্য কর্ণফুলী সেতুর ওপর যান চলাচল দিনের বেশির ভাগ সময় বন্ধ থাকবে। এই সেতু দিয়ে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের সব যানবাহন আসা-যাওয়া করে।এ ছাড়া প্রধানমন্ত্রীর যাতায়াত পথের প্রায় ৫০ কিলোমিটার রাস্তার কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে। এ জন্য ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজনকে যানজটে বেশি সময় আটকা পড়তে হতে পারে।বিষয়টি স্বীকার করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মানুষ এ রকম ভোগান্তিতে অভ্যস্ত। এতে খুব বেশি অসুবিধা হবে না। তিনি বলেন, নতুন সেতু দিয়ে যখন মানুষ দ্রুত পার হতে পারবে এবং লোডশেডিং থেকে মুক্তি পাবে, তখন এক দিনের কষ্টের কথা ভুলে যাবে।জানা যায়, জনদুর্ভোগের কথা ভেবে প্রধানমন্ত্রীর জনসভা চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ওপর থেকে (মইজ্যার টেক) সরিয়ে সামান্য দূরে কর্ণফুলী আবাসিক এলাকার মাঠে স্থানান্তর করা হয়েছে। গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসে এসএসএফ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে জনসভার স্থানের এই পরিবর্তন আনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রীর সফরের সময় জনদুর্ভোগ যাতে সহনীয় মাত্রায় রাখা যায়, সে ব্যবস্থা নেওয়া হবে।সফরসূচি অনুযায়ী ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সরাসরি পটিয়া উপজেলার শিকলবাহা বিদ্যুেকন্দ্র এলাকায় অবতরণ করবেন। বিদ্যুেকন্দ্রের উদ্বোধন শেষে তিনি সড়কপথে পটিয়ার শান্তিরহাট হয়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসবেন জনসভা মাঠে। জনসভা শেষে তিনি শহরের দিকে মইজ্যার টেক এলাকায় সেতুর উদ্বোধন করবেন এবং সেতুর ওপর দিয়ে সড়কপথে বাকলিয়া-বহদ্দারহাট-মুরাদপুর-ষোলশহর হয়ে প্রায় ১৩ কিলোমিটার দূরে সার্কিট হাউসে আসবেন। এখানে সামান্য বিশ্রাম ও নামাজ শেষে প্রধানমন্ত্রী যাবেন তিন কিলোমিটার দূরে ষোলশহরে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির কার্যালয়ে। এখান থেকে যাবেন বিপরীত দিকের প্রায় পাঁচ কিলোমিটার দূরে চট্টগ্রাম আদালত ভবনে। এরপর প্রায় ১৬ কিলোমিটার দূরে পতেঙ্গায় বিমানবাহিনীর বিএএফ জহুরুল হক ঘাঁটিতে যাবেন তিনি। এই ঘাঁটি থেকে হেলিকপ্টারে চড়ে তিনি ঢাকায় ফিরবেন।মহাসড়কে পুলিশ থাকবে না: প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা জোরদার করতে বাইরের জেলাগুলো থেকে পুলিশের প্রায় দুই হাজার সদস্যকে চট্টগ্রামে আনা হচ্ছে। এ কারণে ঈদের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কের যানজট কমাতে যে ৮০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত ছিল, তা স্থগিত করা হয়েছে। এই ৮০০ পুলিশকে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের আশপাশে মোতায়েন করা হচ্ছে।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আছাদুজ্জমান মিয়া ঈদের ছুটিতে যানজট কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঠি হাতে ৮০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে অগ্রাধিকার। এ কারণে যেসব পুলিশ মহাসড়কে মোতায়েনের সিদ্ধান্ত ছিল, তাদের চট্টগ্রামের অনুষ্ঠানস্থলে আনা হচ্ছে।’নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার (ডিসি-এসবি) ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগর পুলিশের মোট সদস্য প্রায় সাড়ে চার হাজার। প্রধানমন্ত্রীর চারটি অনুষ্ঠানস্থলের নিরাপত্তা জোরদার করতে এই ফোর্স যথেষ্ট নয়। এ কারণে বাইরে থেকে পুলিশের প্রায় দুই হাজার সদস্য আনা হচ্ছে।