মিজানুর রহমানের অভিযোগ
প্রধানমন্ত্রীর চারপাশের মানুষের কারণে পরিবেশবিষয়ক উদ্যোগ বাস্তবায়িত হয় না
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পরিবেশদূষণ, নদী দখল ও দূষণ বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথেষ্ট সদিচ্ছা রয়েছে। কিন্তু তাঁর চারপাশে যাঁরা আছেন, তাঁদের সদিচ্ছার অভাবে পরিবেশবিষয়ক উদ্যোগগুলো বাস্তবায়ন হচ্ছে না।আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মিজানুর রহমান ‘বাংলাদেশের সংবিধানে পরিবেশ বিষয়ের অন্তর্ভুক্তি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এ সেমিনারের আয়োজন করে।মিজানুর রহমান বলেন, পরিবেশবিষয়ক আইন থাকার তেমন প্রয়োজন নেই, এ জন্য বিবেকের ওপর জোর দেওয়া জরুরি। ধনীকেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থার কারণে পরিবেশদূষণ বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।সেমিনারে বন ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদার বলেন, পরিবেশ আইন অধিকতর সংশোধন বিল-২০১০ আগামী ২০ সেপ্টেম্বর সংসদে পেশ করা হবে। বিলটিতে আইনের ধারা অমান্যকারীদের শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ শাস্তি ১০ বছর এবং দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।