প্রধানমন্ত্রীর জন্মদিনে বিভিন্ন সংগঠনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৪তম জন্মদিন কাল মঙ্গলবার। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগ কাল বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।একই দিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বেলা ১১টায় মত্স্য ভবনের পশ্চিম পাশে রমনা পার্কের গেট থেকে সংস্কৃতিকর্মীদের একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রার নেতৃত্ব দেবেন জোটের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য তারানা হালিম ও অভিনেতা ফারুক প্রমুখ।অন্যদিকে ‘শেখ হাসিনা চেতনা গবেষণা পরিষদ’ ও ঢাকাস্থ টাঙ্গাইলের সখিপুর-বাসাইল নির্বাচনী এলাকার বাসিন্দাদের যৌথ উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেবেন সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আসাদুজ্জামান নূর প্রমুখ।দিবস উপলক্ষে বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ (বিইডিএসএস) ‘প্রধানমন্ত্রীর জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বিকেল চারটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এ প্রদর্শনী উদ্বোধন করবেন ফজলে নূর তাপস। বাসস।