প্রধানমন্ত্রীর জন্য চা-শ্রমিকদের ‘সোনার বালা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ভালোবাসার এক অনন্য নজির স্থাপন করলেন হবিগঞ্জ জেলার চা-শ্রমিকেরা। আজ মঙ্গলবার গণভবনে তাঁরা তাঁদের সঞ্চিত অর্থ দিয়ে তৈরি করা দুটি ‘সোনার বালা’ প্রধানমন্ত্রীর হাতে পরিয়ে দেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এসব কথা জানান। খবর বাসসের।হবিগঞ্জ জেলার বিভিন্ন চা-বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক প্রতিজনে ৫০ পয়সা করে গত দুই বছর এই অর্থ সঞ্চিত করেন। এ সময় চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রীকে একটি মানপত্র প্রদান করেন। তাঁরা কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন।এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা অসহায় ও বঞ্চিত মানুষের জন্য রাজনীতি করি। আমরা যখনই সরকার পরিচালনার দায়িত্ব পাই আপনাদের জন্য কিছু-না কিছু করি। আপনাদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের কাজ।প্রধানমন্ত্রী এ সময় চা-শ্রমিক প্রতিনিধিদলের বিভিন্ন সমস্যার কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।চা-শ্রমিকেরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভোটাধিকার দিয়ে গেছেন। সেই থেকে আমাদের প্রতীক নৌকা। আওয়ামী লীগ ২৫ বছর ক্ষমতায় ছিল না, সে সময় হাজারো নিপীড়ন-নির্যাতনের মধ্যেও আমরা আওয়ামী লীগ ত্যাগ করিনি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেঁচে আছি।পরে চা-শ্রমিকেরা প্রধানমন্ত্রীর সম্মানে সংগীত পরিবেশন করেন।চা-শ্রমিক নেতাদের মধ্যে ছিলেন—বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং হবিগঞ্জ আদিবাসী সম্প্রদায়ের সভাপতি স্বপন সাঁওতাল, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কাঞ্চন পাত্র এবং লস্করপুর ভ্যালি চা-বাগান শ্রমিক ইউনিয়নের সভাপতি অভিরত বাকচি।প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।