প্রধানমন্ত্রীর ড্রাইভারও ফাইভ পাস: নৌপরিবহনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িচালকও ফাইভ পাস। সেও ভালোভাবে গাড়ি চালায়। আজ বৃহস্পতিবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।শাজাহান খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িচালককে জিজ্ঞেস করলাম, তুমি কি পাস? সে বলল, স্যার, আমি তো ফাইভ পাস। সেও প্রধানমন্ত্রীর গাড়ি ভালোভাবে চালায়।’নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, ‘ইতিপূর্বে আমার বক্তব্যের একাংশে গরু-ছাগল চিনতে পারার ব্যাপার নিয়ে মিডিয়ায় যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেভাবে আমি বলিনি। আমি বোঝাতে চেয়েছি, মহাসড়কের পাশে গরু-ছাগল চিহ্ন-সংবলিত যে সাইনবোর্ড থাকে, সেই চিহ্নগুলো চালকদের বোঝার কথা।’এর আগে সকালে জাতীয় শ্রমিক ফেডারেশনের নির্দেশে মাদারীপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চালক ও শ্রমিকেরা মানববন্ধন করেন। এতে সড়ক দুর্ঘটনার জন্য চালকদের এককভাবে দায়ী না করার দাবি জানানো হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনা হ্রাসে ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত সড়ক, ত্রুটিপূর্ণ যানবাহন, মহাসড়কে হাটবাজার, রাস্তায় দোকানপাট ও গরু-ছাগল বাঁধা, দক্ষ চালক, শ্রমিক গড়ে তোলাসহ বিভিন্ন দাবিতে সরকারের কাছে আবেদন জানিয়ে প্রচারপত্রও বিতরণ করা হয়। মাদারীপুর পুরোনো বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের মাদারীপুর জেলা কার্যকরী সভাপতি বাবুল শরীফ, সহসভাপতি ফায়জুল শরিফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।