প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন ভাইয়ের নামে পটুয়াখালী জেলার কলাপাড়ায় তিনটি সেতু নির্মাণ করা হচ্ছে। কাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু তিনটির আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।বাসসের খবরে বলা হয়, ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পরই সরকার শেখ কামাল সেতু, হাজীপুরের সোনাতলা নদীর ওপর শেখ জামাল সেতু এবং মহিপুরের শিববাড়িয়া নদীর ওপর শেখ রাসেল সেতু নির্মাণের পরিকল্পনা নেয়। সড়ক ও জনপথ বিভাগের অধীনে একটি প্রকল্পের মাধ্যমে সেতু তিনটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪৭ কোটি টাকা। এর মধ্যে ৮৯১.৭৬ মিটার দৈর্ঘ্যের শেখ কামাল সেতুর জন্য ৬৫ কোটি ৮৬ লাখ টাকা, ৪৮২.৩৭ মিটার দৈর্ঘ্যের শেখ জামাল সেতুর জন্য ৪৩ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার টাকা এবং ৪০৮.৩৬ মিটার দৈর্ঘ্যের শেখ রাসেল সেতুর জন্য ২৪ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ রাখা হয়।পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কমলেন্দু মজুমদার জানান, সেতু তিনটির নির্মাণ সময়কাল ধরা হয়েছে তিন বছর। ব্যয় ধরা হয়েছে ১৪৭ কোটি টাকা। সেতু তিনটি নির্মিত হলে কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ স্থাপিত হবে, ভোগান্তি কমবে এলাকার মানুষের। কুয়াকাটার আমূল পরিবর্তন হবে। দেশি-বিদেশি পর্যটকেরা ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে এবং এলাকার লোকজনের কর্মসংস্থানের সৃষ্টি হবে ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে।