প্রধানমন্ত্রীর দেশপ্রেম হিমালয়ের মতো অবিচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশপ্রেম হিমালেয়র মতো অবিচল । তাঁর কাছে সব সময় দেশের স্বার্থই বড়। শেখ হাসিনার দেশপ্রেম নিয়ে কেউই প্রশ্ন তুলতে পারবে না।ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বড় দেশ হিসেবে ভারতের অর্থনৈতিক ও সামরিক শক্তি অনেক বেশি। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এটিকে কোনোভাবে হাতছাড়া করা উচিত হবে না। তবে ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না সরকার। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সঙ্গে কোনো চুক্তি করবেন না। কোনো চুক্তি হলে দেশের জনগণকে অবশ্যই তা জানানো হবে।কোম্পানীগঞ্জ পৌর মিলনায়তনে সদস্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান। ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দল চুক্তির আগেই গোপন চুক্তি বলে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঈদ প্রীতি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের রাজনীতি আর বাংলাদেশের রাজনীতি এক নয়। অবরোধ আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। ১৯৯০-এর পর বিএনপি যেমন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগও বিরোধী দলে ছিল। আর বিরোধী দলে থেকে সবাই সরকারবিরোধী আন্দোলন করলেও এতে কোনো সরকারেরই পতন হয়নি।এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনীর দাগনভূঞায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় ওবায়দুল কাদের বলেন, দেশের স্বার্থে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি লস্কর-ই-তাইয়েবার সঙ্গে আলোচনায় বসতে পারে তাহলে আমাদের একসঙ্গে বসতে অসুবিধা কোথায়।আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশের রাজনীতিতে বিরোধী দল অবিচ্ছেদ্য অংশ, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে আলোচনায় বসতে হবে। কাউকে আক্রমণ করে কথা বলা থেকে বিরত থাকতে হবে। ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, একসময় রাজনীতিতে বিভক্তি ছিল, এখন জাতীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে দলাদলি কাম্য নয়। তিনি বলেন, বর্তমানে রাজনীতি গণসংযোগহীন হয়ে পড়েছে। সাংবাদিকেরাও সংবাদ তৈরিতে গণসংযোগ কমিয়ে ফেলছেন। ঘটনাস্থলে যান, সবার বক্তব্য শুনুন, বস্তুনিষ্ঠ সংবাদ লিখুন, গ্রহণযোগ্যতা থাকবে। গণসংযোগহীন সাংবাদিকতা রাজনীতির চেয়েও ভয়ংকর বলে তিনি মন্তব্য করেন । মতবিনিময় সভায় দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক অলি আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।