প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করল বিএনপি
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির দাবি, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ।আজ মঙ্গলবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ-সমাবেশে এ দাবি করা হয়।গত সোমবারের হরতালে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের হামলা-নির্যাতনের প্রতিবাদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এ সরকার ব্যর্থ। জনগণের অধিকার রক্ষা এ সরকারের পক্ষে সম্ভব নয়। রাষ্ট্রপরিচালনার প্রতিটি ক্ষেত্রে এই সরকার ক্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার পরিমাণ আরও বাড়লে এ দেশের অর্থনীতি আর থাকবে না। মানুষ তার জানমালের ওপর অধিকার হারাবে। তিনি বলেন, ব্যর্থতার দায় নিয়ে এই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী পরিষদ সদস্যদের পদত্যাগ করতে হবে।বিএনপির মহাসচিব আরও বলেন, শেয়ারবাজার পতন আর আওয়ামী লীগ সমার্থক শব্দে পরিণত হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ছে অযৌক্তিক হারে। এসবই সরকার তাদের দলীয় নেতাদের সুবিধা দিতে করছে। সরকারের এই কর্মকাণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ অবর্ণনীয় অবস্থায় এসে পৌঁছেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এ জন্য জনদাবি উপেক্ষা করে তারা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু জনগণ তাদের সমুচিত জবাব দিয়েছে। আরও কঠোর জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, সরকার তাদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে। দ্রব্যমূল্য নাকি বিএনপি বাড়িয়েছে। তিনি প্রশ্ন করেন, তাহলে করছেটা কে? তিনি বলেন, রাষ্ট্রপরিচালনা করতে না পারলে সরকারের উচিত পদত্যাগ করা।বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মইন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।