প্রধানমন্ত্রীর পরামর্শ নেবে বিশেষ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের দুটি পদ্ধতিকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। একটি বাংলাদেশের বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি, অন্যটি পাকিস্তানের অনুসৃত পদ্ধতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে যেকোনো একটি পদ্ধতি গ্রহণ করা হবে বলে কমিটি সূত্র জানিয়েছে।এ ছাড়া কমিটির খসড়া প্রতিবেদনে সংবিধানের বহু-বিতর্কিত ৭০ অনুচ্ছেদে বড় ধরনের সংশোধনীর সুপারিশ করা হয়েছে বলে কমিটির একাধিক সদস্য জানান। প্রতিবেদনটি ২৬ মে কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। সুপারিশ অনুযায়ী, সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব, অর্থবিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তাসংক্রান্ত বিল ছাড়া বাকি যেকোনো বিলের ওপর সাংসদেরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন।কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার সংসদ ভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সংবাদ ব্রিফিংয়ে বলেন, কমিটি সংবিধান সংশোধনের ব্যাপারে অধিকাংশ বিষয়ে একমত হয়েছে। সুপ্রিম কোর্টের রায় বিবেচনায় রেখে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়া হবে। তারপর কমিটি আরেক দফা বৈঠক করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে।তবে কমিটি সূত্র জানিয়েছে, কিছু সংশোধনীর মাধ্যমে বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বহাল রাখার ব্যাপারে কমিটির সদস্যদের অনেকেই মত দিয়েছেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতিদের এ সরকার থেকে দূরে রাখার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। এ কারণে প্রধান বিচারপতির বিকল্প কে হবেন, সে বিষয়ে কমিটি সন্তোষজনক কোনো সমাধানে আসতে পারেনি। একই সঙ্গে পাকিস্তানের সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি বিদায়ী প্রধানমন্ত্রী ও বিদায়ী বিরোধীদলীয় নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নিয়োগ দেবেন। পরিমার্জন সাপেক্ষে এই পদ্ধতিটিও গ্রহণ করা যেতে পারে বলে কমিটি মনে করছে। কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে কমিটি এ দুটি পদ্ধতির যেকোনো একটিকে আগামী দুই মেয়াদের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারে।কমিটিতে উপস্থাপিত সংবিধান সংশোধনের খসড়া প্রতিবেদনে ৭০ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলেও একাধিক সদস্য জানান। বিদ্যমান সংবিধানের এই অনুচ্ছেদে বলা আছে, কোনো রাজনৈতিক দলের সাংসদ সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তাঁর আসন শূন্য ঘোষিত হবে। দলের নির্দেশ অমান্য করে সংসদে অনুপস্থিত থাকলে বা সংসদে উপস্থিত থেকে ভোটদানে বিরত থাকলেও সেই সাংসদের সদস্যপদ থাকবে না। কমিটির খসড়া প্রতিবেদনে এই অনুচ্ছেদে সংশোধন এনে উপস্থাপন করা হয়েছে। বলা হয়েছে, সাংসদেরা সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব, অর্থবিল এবং জাতীয় নিরাপত্তা-সম্পর্কিত বিলে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। অন্যান্য বিলের ব্যাপারে সাংসদেরা দলীয় সিদ্ধান্তের বিপক্ষেও ভোট দিতে পারবেন।