প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান খালেদার
নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারে বিরোধী দলকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। আজ সোমবার সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা এ মন্তব্য করেন। খবর ইউএনবির।খালেদা জিয়া বলেন, ‘অন্য কোনো সরকারের অধীনে নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনই হতে দেওয়া হবে না।’ লন্ডনে বিবিসি বাংলাকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্কারের পরই খালেদা জিয়া এই প্রতিক্রিয়া জানালেন। ওই সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন-পূর্ববর্তী সরকারে তারা (বিরোধী দল) অংশ নিতে পারে। সবাই মিলে আমরা একটা ছোট মন্ত্রিসভা করে নির্বাচন করতে পারি।’বিরোধীদলীয় নেতা বলেন, দেশের মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। তারা খাদ্য কিনে খেতে পারছে না, চিকিত্সাসেবা পাচ্ছে না। সরকার জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।ঈদের পরে বিরোধী দলের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।