প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিতে হানিফের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে সাড়া দিতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বর্তমান সরকার যে আন্তরিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রস্তাবের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।’মাহবুব উল আলম হানিফ আজ বুধবার সকালে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ।বিরোধী দলের নেতাদের উদ্দেশে হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাবে আপনারা সাড়া দিন। এ বিষয়ে আপনাদের কারও যদি কোনো প্রস্তাব থাকে, তাহলে সংসদে এসে তা জানাতে পারেন। দেশের উন্নয়নকাজে বাধা না দিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাব অনুসারে কীভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় সে বিষয়ে সংসদে এসে কথা বলুন।’গত সোমবার বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনের সময় অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হবে। সেই মন্ত্রিসভায় বিএনপিও থাকতে পারবে। এ জন্য তারা সংসদে প্রস্তাব দিতে পারে।মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এই প্রস্তাব দেশ-বিদেশে প্রশংসিত হলেও বিরোধী দল অভ্যাসমতো তাত্ক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে। এ থেকে আগামী নির্বাচনের বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন হানিফ।‘সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে’—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘অন্ধকার নয়, বর্তমান সরকার জোট সরকারের সময়ের অচলায়তন ভেঙে দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হত্যা, সন্ত্রাস, লুটপাট, দুর্নীতি ও জঙ্গিবাদের মধ্য দিয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। বাসস।