প্রধানমন্ত্রীর প্রাণনাশের ও চট্টগ্রাম কারাগার উড়িয়ে দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে চিঠি দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় ওই চিঠিতে। গতকাল বুধবার বেলা একটার দিকে ডাকযোগে কারারক্ষক রফিকুল কাদেরের কাছে ওই চিঠি পৌঁছায়। রফিকুল কাদের জানান, চিঠিতে প্রেরকের জায়গায় আবদুল মান্নান নাম লেখা রয়েছে। ওই ব্যক্তি নিজেকে জেএমবির সদস্য বলে দাবি করেন। চিঠিতে এক মাসের মধ্যে চট্টগ্রাম কারাগারে বন্দী জেএমবি সদস্যদের মুক্তি দেওয়া না হলে কারাগারসহ আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কারা কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে।জানা গেছে, চট্টগ্রাম কারাগারে জেএমবির ২৭ জন সদস্য বন্দী রয়েছে। তাদের মধ্যে একজনের নাম আলাউদ্দিন। একটি বিস্ফোরক মামলায় তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বাড়ি সীতাকুণ্ডে।চিঠিতে দুজনের পরিচয় দিয়ে বলা হয়, ‘আমরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য আবদুল মান্নান ও আবদুল হান্নান। এক মাসের মধ্যে জেএমবির সব বন্দীকে ছেড়ে দিতে হবে। সবার আগে আমাদের ভাগ্নে আলাউদ্দিনকে মুক্তি দিতে হবে। তাকে ছেড়ে দেওয়া না হলে থানা, আদালত ভবন ও কারাগার বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।’চিঠিতে দাবি করা হয়, ‘আমাদের আধুনিক কমান্ডার মাওলানা ফছিউল আলমের ছেলে কাজী সাজ্জাদ সরদার। আমাদের বাবা শওকত আলী সাঈদীর মাহফিলে মারা গেছেন। আমরাও শহীদ হয়ে যাব। ১৫ আগস্ট শেখ হাসিনা বেঁচে গেছেন। এবার বাঁচতে পারবেন না। তাঁকে বোমা মেরে বাংলার মাটিতে মিশিয়ে দেওয়া হবে।’এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাজ্জাদ সরদার দাবি করেন, ‘আমি এলাকায় জাহাজভাঙা ব্যবসা করি। জায়গায়-জমি নিয়ে স্থানীয়ভাবে বিরোধ আছে। তাদের কেউ আমাকে ফাঁসানোর জন্য এ কাজ করেছে।’