প্রধানমন্ত্রীর বক্তব্য অশালীন: বিএনপি
নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অশালীন বলে মন্তব্য করেছে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার রাত ১১টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি নেতা-কর্মীদের ব্যাপারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা একটি সভ্য দেশের প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের সঙ্গে আলোচনার প্রয়োজন নেই বলে বক্তব্য দিয়ে আলোচনার সব পথ রুদ্ধ করে দিয়েছেন। এতে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সংকটাপন্ন হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে এটাই প্রমাণিত যে, তিনি দেশকে চরম অনিশ্চয়তা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছেন। রাজনৈতিক সংঘাতকে অবশ্যম্ভাবী করে তুলেছেন। তাঁর এই অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এবং ভয়ংকর অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’