প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য ও বিকৃত তথ্যে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, মহাজোট সরকারের দুই বছর উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য ভুল, অসত্য, ভিত্তিহীন ও বিকৃত তথ্যে ভরা। তবে জোট সরকারের সঙ্গে মহাজোট সরকারের তুলনা করার প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, এই তুলনা করলেই বেরিয়ে আসবে, কোন সরকারের সময় দেশের মানুষ ভালো ছিল।সাবেক প্রধানমন্ত্রী গতকাল রোববার গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর সরকারের দুই বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং প্রধানমন্ত্রীর ভাষণের বিভিন্ন দিক খণ্ডন করেন। তিনি বিকেল চারটা থেকে টানা ৫০ মিনিট প্রায় সাড়ে চার হাজার শব্দের লিখিত বক্তব্য পাঠ করেন। এতে সরকারের কঠোর সমালোচনা ও ব্যর্থতার নানা দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি।বিএনপির চেয়ারপারসন তাঁর বক্তৃতায় দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, শেয়ারবাজার পরিস্থিতি ও সংসদের অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেন। বলেন, বর্তমান পরিস্থিতিতে অল্প কিছু লোক ভালো আছে। তারা দেশের মালিক-মোক্তার সেজে বসেছে। দেশকে শাসক আর শাসিত—এই দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এক ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ক্রীতদাসে পরিণত করা হয়েছে বাকি সবাইকে। তিনি বলেন, আশার কথা হচ্ছে, জনগণ সুযোগ পেলেই সরকারের বিরুদ্ধে রায় দিচ্ছে। আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হলে সেখানেও ভোটাররা একই রকম রায় দেবেন। বিভিন্ন সংবাদমাধ্যমের করা জনমত জরিপেই তার আভাস স্পষ্ট হয়ে উঠেছে। বিরোধীদলীয় নেত্রী বলেন, ‘সংসদকে কার্যকর করার মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রয়াস আমাদের রয়েছে। সংসদ বর্জনের যে কালচার তারা সৃষ্টি করেছে, আমরা তা অনুসরণ করতে চাই না। সংসদে আমরা যেতে চাই। পরিবেশ সৃষ্টি করুন। সংসদকে কার্যকর করুন। আমরা সংসদে কার্যকর ও অর্থবহ ভূমিকা পালন করতে প্রস্তুত আছি।’ তিনি বলেন, সংসদে সরকারি দল বিরোধী দলের প্রতি কী ধরনের আচরণ করেছে, তা দেশবাসী জানে।দ্রব্যমূল্য: খালেদা জিয়া বলেন, দ্রব্যমূল্য নিয়ে শেখ হাসিনা মিথ্যা বলেছেন। বিএনপি যখন সরকারে ছিল, তখন বিশ্ববাজারে জ্বালানি তেল ও অন্যান্য জিনিসের দাম সাংঘাতিক বেড়ে গিয়েছিল। কিন্তু ভর্তুকি দিয়ে এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বিএনপির আমলের তুলনায় অনেক কম আছে। তার পরও জিনিসপত্রের দাম জনগণের নাগালের বাইরে চলে গেছে। সরকারি প্রতিষ্ঠান টিসিবির তুলনামূলক মূল্য তালিকা তুলে ধরে তিনি বলেন, ২০০৬ সালের তুলনায় জিনিসপত্রের দাম এখন বেড়ে প্রায় তিন গুণ হয়ে গেছে। ২০০৬ সালে মোটা চাল ছিল ১৭ টাকা আর ২০১০ সালে তা হয়েছে ৩৬ টাকা। খোলা সয়াবিন তেল ছিল ৪৬ টাকা, এখন ১০০ টাকা। অন্য সব পণ্যের দামও বেড়ে নাগালের বাইরে চলে গেছে। খালেদা জিয়া বলেন, ‘বাণিজ্যমন্ত্রী নিজেই যে দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সঙ্গে জড়িত, সে কথা আমরা পত্রিকার মাধ্যমে অনেক আগেই জানতে পেরেছি। টিসিবির জন্য দেশের ভেতর থেকেই চড়া দামে পেঁয়াজ কেনার বাণিজ্য তিনি তাঁর এক নিকটাত্মীয়কে দিয়েছিলেন।’ প্রধানমন্ত্রী সারা দেশে মঙ্গা ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।সরকার কোনো উন্নয়নকাজ করেনি উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, কিছু রুটিন কাজ সব সরকারকেই করতে হয়। তাই অতীতের কিছু উন্নয়ন প্রকল্প চালু রাখা এবং রুটিন কাজকর্মকে উন্নয়ন বলে জাহির করার চেষ্টা সত্যি হাস্যকর। তাঁর সরকারের প্রথম দুই বছরের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। এর মধ্যে আছে অপারেশন ক্লিনহার্ট, রাজধানীর সৌন্দর্য ও নাগরিক সুবিধা বাড়ানো, পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন ও থ্রি-স্ট্রোক ইঞ্জিন নিষিদ্ধ করা, যানজট নিরসন, বিভিন্ন সেতু নির্মাণ, পরীক্ষায় নকল বন্ধ, সময়মতো বই তুলে দেওয়া, র্যাব গঠন, মুক্তিযোদ্ধাদের উন্নয়ন, ক্রিকেটে ভালো কোচ আনা, কৃষি ও অর্থনীতিতে উন্নয়ন প্রভৃতি।বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে খালেদা জিয়া বলেন, বিএনপির সময় এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন হয়নি বলে সরকার মিথ্যাচার করছে। এই সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ২০১০ সালের ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা’ বইটির ১১৮ পৃষ্ঠায় বলা হয়েছে, ওই পাঁচ বছরে নতুন এক হাজার ২৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে মানুষ মেগাওয়াটের হিসাব শুনতে চায় না, বিদ্যুৎ পেতে চায়। তিনি বলেন, ‘রেন্টাল পাওয়ার প্ল্যান্টওয়ালারা আগামী তিন বছরে লুটে নেবে অতিরিক্ত ২০ হাজার ১৭৫ কোটি টাকা। দুর্নীতি করবেন তাঁরা, আর ভুক্তভোগী হবে জনগণ। আর চলমান দুর্নীতি ঢাকতে অপপ্রচার করবেন, এই খাতে অতীতে দুর্নীতি হয়েছে—সেটা চলবে না।’বিরোধীদলীয় নেত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই শেয়ারবাজার লুট হয়ে যায়। তাদের অব্যবস্থাপনার ফলে পুঁজিবাজার ও মানি মার্কেট দুটোকেই সরকার অস্থির করে ফেলেছে। ১৯৯৬ সালের মতো বর্তমানে সরকারের ছত্রছায়ায় পুঁজিবাজারে চলছে লুটপাট। একটি চক্রকে লুটপাটের সুযোগ করে দিতে সরকারের একেকটি বিতর্কিত সিদ্ধান্তে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বারবার পুঁজি হারাচ্ছেন। তিনি অভিযোগ করেন, ধাবি গ্রুপের কাছ থেকে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার ক্রয়ের সময় সরকার অবৈধভাবে ভারতীয় এয়ারটেলকে ৪০০ কোটি টাকার ট্রান্সফার ফি মাফ করে দেয়েছে।ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফর শেষে ফিরে বলেছিলেন, “আমি জয়ী হনু আজ।” অথচ দুই বছর পূর্তির ভাষণে ভারত সফর ও চুক্তি নিয়ে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি। কেননা এতদিন পর তিনি বুঝতে পেরেছেন, জয়ী নন, তিনি পরাজিত হয়ে এসেছিলেন। সিপিডি বলছে, এই ঋণচুক্তিটি মূলত একটি প্রাগ-ঐতিহাসিক সাপ্লায়ার্স ক্রেডিট, যা বর্তমান যুগে কোথাও ব্যবহূত হচ্ছে না।’