প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা ‘এনজয়’ করি
রাজধানীর বঙ্গবন্ধু স্কয়ারে ১৪ দলের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে হতাশ হয়েছে বিএনপি। দলটির নীতি-নির্ধারকেরা মনে করেন, প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ বক্তব্য দিয়েছেন। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনের উপায় নিয়ে তিনি কিছু বলবেন, এমনটা তাঁরা আশা করেছিলেন।বিএনপির নীতি-নির্ধারকেরা বলেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কেবল বরাবরের মতো বিরোধী দলকে আক্রমণ করেছেন। জনসভা থেকে আশান্বিত হওয়ার মতো কোনো কিছু বিএনপি ও সাধারণ মানুষ পায়নি। তাঁরা বলেন, এই বক্তব্যের মাধ্যমে কেবল মানুষকে আনন্দ দেওয়া সম্ভব। জাতির জন্য কোনো দিক নির্দেশনা ছিল না। তাই এটি অন্তঃসারশূন্য বক্তব্য।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যেতে বলেছেন। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে আর ক্ষমতায় আসা যাবে না।এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী এভাবেই কথা বলেন। জনসভায়ও এমনটা বলবেন বলেই ধরে নিয়েছি। এ জন্য অবাক হইনি।’ তিনি বলেন, ‘তাঁর (প্রধানমন্ত্রী) বক্তব্য আমরা খুব এনজয় করি।’মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো জবাব দেওয়া যায় না। তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন বক্তব্য দেন। তাঁর বক্তব্যের তথ্য মিথ্যা, বানোয়াট ও রুচিহীন হয়ে থাকে।এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপি কখনো বিদেশি টাকায় চলে না। পাকিস্তান থেকে যে টাকা পাওয়ার কথা বলা হচ্ছে, সে বিষয়ে তাঁর দল তথ্য সংগ্রহ করছে। এরপর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শিখব, দেশের মানুষ শিখবে। কিন্তু তিনি এমনভাবে বক্তব্য দেন যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তিনি এভাবে বক্তব্য দিতে থাকলে কোনো সমস্যার সমাধান তো হবেই না বরং বাড়তে থাকবে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে শেখ হাসিনার সম্পর্কই বেশি ভালো। তিনি অন্তঃসত্ত্বা থাকাকালীন পাকিস্তানে গিয়ে চেকআপ করাতেন। তাঁর বাবা শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় পাকিস্তানে আত্মগোপন করেছিলেন। তাই শেখ হাসিনারই উচিত পাকিস্তানে চলে যাওয়া। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগই ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’র সহযোগিতায় ক্ষমতায় এসেছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সাংসদ এম কে আনোয়ার মনে করেন, এই ধরনের বক্তব্য দেশে সংকট বাড়াবে। বিরোধী দলের দাবির প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রধানমন্ত্রীর উচিত ছিল। মানা না মানা সেটা পরের ব্যাপার। কিন্তু তিনি তো বিরোধী দলকে উড়িয়ে দিতে চান। এটা গণতন্ত্রের নমুনা হতে পারে না।