প্রধানমন্ত্রীর বক্তব্য ইবাদত মনে করে পিলখানায় গিয়েছিলাম
‘গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইবাদত মনে করে আমরা পিলখানায় গিয়েছিলাম। সকাল সাড়ে ১০টার দিকে অফিসে যাওয়ার পথে মত্স্য ভবনের কাছে পৌঁছানোর পর ফোনে কল আসে। এরপর যমুনায় যাই।’আজ সোমবার পিলখানা হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজের অস্থায়ী বিশেষ আদালতে তাঁর সাক্ষ্য দুপুর পৌনে দুইটার দিকে শেষ হয়েছে।সকাল সাড়ে নয়টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়। জাহাঙ্গীর কবির নানক আদালতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্কালীন সরকারি বাসভবন যমুনায় গিয়ে তিনি সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান, বিমানবাহিনীর প্রধান ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের দেখতে পান।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ওই দিন একটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ও মির্জা আজমকে পিলখানায় যোগাযোগ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা যায় কি না, এ ব্যাপারে নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে জীবনের চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাঁরা পিলখানায় যান।পিলখানার ভেতরের অভিজ্ঞতা জানিয়ে নানাক বলেন, ‘পিলখানায় কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি মাইক হাতে নিয়ে জওয়ানদের আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে এগোতে থাকি। মাইকিং শুনে জওয়ানরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। অবস্থা বেগতিক দেখে আমরা নিরাপদ আশ্রয়ে চলে যাই।’পরে এই মামলার অন্যতম আসামি ডিএডি তৌহিদের আইনজীবী আমিনুল ইসলাম প্রতিমন্ত্রী নানককে জেরা করেন।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫২ সেনা কর্মকর্তা নিহত হন।