প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে বলেছিলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বাড়াবাড়ি করা হলে প্রয়োজনে শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া হবে। ‘কিসাস’ তো আছেই।প্রধানমন্ত্রীর এ বক্তব্য নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। প্রথম আলোর অনেক পাঠক শরিয়া আইন ও কিসাস সম্পর্কে জানতে চেয়েছেন।যোগাযোগ করা হলে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট আলেম ও গবেষক ড. আবদুল্লাহ আল মারূফ গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ইসলাম ধর্মমতে, পবিত্র কোরআন-সুন্নাহভিত্তিক অনুশাসনকে শরিয়া আইন বলে। শরিয়া আইনে বিভিন্ন অপরাধের শাস্তির কথা বলা আছে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের জন্য রাষ্ট্রপ্রধান বিশেষ শাস্তির বিধান করতে পারেন। এটাকে শরিয়তের ভাষায় বলে ‘তাজির’।কিসাস সম্পর্কে জানতে চাইলে ড. মারূফ বলেন, কিসাস হচ্ছে হত্যার বদলে হত্যা। অর্থাৎ কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে শরিয়তের বিধান অনুযায়ী তাকেও হত্যা করা। তিনি বলেন, যদি কেউ অন্যায়ভাবে কারও চোখ, হাত, দাঁত নষ্ট করে, তাকেও অনুরূপ শাস্তি দেওয়া যায়। এটাই শরিয়তের অনুশাসন।এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মুহীবুল্লাহ বাকী প্রথম আলোকে বলেন, পবিত্র কোরআন ও হাদিস থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে আইনের উৎপত্তি হয়েছে, তা শরিয়া আইন। আর কিসাস অর্থ মৃত্যুদণ্ড। অর্থাৎ কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যার অপরাধে খুনিকে মৃত্যুদণ্ড দেওয়াই হচ্ছে কিসাস।প্রধানমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে আওয়ামী লীগের দায়িত্বশীল কেউ কোনো মন্তব্য করতে সম্মত হননি।প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘উপহাস ও ঠাট্টা-বিদ্রূপ’ বলেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, শরিয়া আইন প্রয়োগ করতে হলে আগে ইসলামি আদর্শের ভিত্তিতে সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তার পরই কেবল ইসলামি শরিয়া অনুযায়ী ‘কিসাস’ চলতে পারে। ইসলামি আইন সম্পর্কে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হুমায়ুন কবীর এক বিবৃতিতে বলেন, শরিয়া আইনে মানবজীবনের সব সমস্যার সমাধান নিহিত। আজকের উচ্ছৃঙ্খল সমাজব্যবস্থায় শরিয়া আইনভিত্তিক খেলাফত রাষ্ট্রব্যবস্থাই দিতে পারে পূর্ণাঙ্গ শান্তির নিশ্চয়তা। বিবৃতিতে হুমায়ুন কবীর বলেন, সংবিধান সংশাধন করে প্রধানমন্ত্রী একদিকে দেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রমাণ করছেন, অপরদিকে শরিয়া আইন কায়েমের ঘোষণা দিয়েছেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কিসাসকে নিজের স্বার্থে ব্যবহার করা ছাড়া কিছুই নয়।