প্রধানমন্ত্রীর বক্তব্য সৌদি আরবের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও সৌদি আরবের নাম উল্লেখ যে বক্তব্য দিয়েছেন তাকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছে বিএনপি। বিএনপি বলেছে, এর ফলে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে পারে।গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ওই বক্তব্য একেবারেই দায়িত্বজ্ঞানহীন। সৌদি আরব বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র। সেই দেশকে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর আগে ভাবা উচিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ওই দেশটির সঙ্গে এ দেশের লাখ লাখ মানুষের ভাগ্য জড়িত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য দেশ ও জাতির জন্য ক্ষতিকর। তাই বিএনপি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ২০১৫ সালের মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ উত্পাদনের কথা বলেছেন তা করতে ব্যর্থ হবেন। এর আগে ২০১৩ সালের মধ্যে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের কথা বললেও এর কোনো প্রস্তুতি শুরু করতে পারেননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সৌদি আরব যদি সেখানে কর্মরত ২০ লাখ বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠায়, তবে তাঁরা বেকার হবেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সংসদে প্রধানমন্ত্রী বিরোধী দলকে চোর বলে অসংসদীয়, অসাংবিধানিক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তিনি এমন বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিদ্যুৎ-সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধিতে যখন মানুষের নাভিশ্বাস অবস্থা, তখন প্রধানমন্ত্রী বিরোধী দলের বিরুদ্ধে কেবল বিরুদ্ধাচরণ করে চলেছেন।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।