প্রধানমন্ত্রীর বক্তব্যকে শিষ্টাচারবহির্ভূত বললেন বিএনপি নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে অসৌজন্যমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও গণতান্ত্রিক শিষ্টাচারবহির্ভূত বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা। তাঁরা এ বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে ধিক্কার জানান এবং ভবিষ্যতে বক্তব্য দেওয়ার সময় শালীনতা বজায় রাখার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার বিকেলে মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী এক বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাতে খত দিতে বলার প্রতিবাদে দলটি এ কর্মসূচি পালন করে।বিএনপির এই কর্মসূচি চলাকালে মুক্তাঙ্গনে মঞ্চের পেছনের দিকে ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। মারধরের সময় এক পক্ষের ইটের আঘাতে একজন ছাত্রের মাথা কেটে যায়। দুই পক্ষই একে অন্যের দিকে চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারে। পরে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব হোসেন খোকন সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের প্রধানমন্ত্রীর বক্তব্যে শালীনতা থাকবে না এটা হতে পারে না। তিনি এমন বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, আওয়ামী লীগ যে পথে হাঁটছে তা গণতন্ত্রের জন্য ভালো নয়। এভাবে চলতে থাকলে দেশ অন্ধকারে নিমজ্জিত হতে বাধ্য।সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, বিএনপি যখন সরকারকে সহযোগিতা করতে চেয়েছে তখন আওয়ামী লীগ বিএনপির ওপর চড়াও হচ্ছে। বিরোধী দলের ওপর এ ধরনের নির্যাতনের ফল অতীতে কখনো ভালো হয়নি। এ সরকারের জন্যও ভালো হবে না। তিনি বলেন, প্রবল গণআন্দোলন সৃষ্টির মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। সমাবেশে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল খুবই কম। তবে মধ্যম সারির বেশ কয়েকজন নেতা এতে বক্তব্য দেন। যৌথসভা: ৯ আগস্ট পল্টন ময়দান থেকে বিএনপির গণমিছিল সফল করতে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। কর্মসূচিকে ঘিরে আজ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের এক যৌথসভা শেষে এ আহ্বান জানান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গণমিছিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব দেবেন। সভায় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।