প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘রাজনৈতিক’ বললেন মুস্তফা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের নাজুক পরিস্থিতির জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগদলীয় সাংসদ ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে মুস্তফা কামাল এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোন পারসপেক্টিভে এ কথা বলেছেন, আমি তা বলতে পারব না। এটি প্রধানমন্ত্রীর একটি পলিটিক্যাল স্টেটমেন্ট। ডেফিনেটলি শি ডিড নট মিন ইট।’ তিনি বলেন, ‘তবে প্রধানমন্ত্রী যদি এমনটা মিন করে (বোঝাতে চেয়ে) থাকেন, তবে কেন মিন করেছেন (বোঝাতে চেয়েছেন), তা আমি বলতে পারব না। নিশ্চয়ই কোনো তথ্যের ভিত্তিতে তিনি (প্রধানমন্ত্রী) এমনটা বলেছেন। তবে সে তথ্য কী, তা আমার জানা নেই। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’কমিটির সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য শেয়ারবাজার নিয়ে চলা তদন্তে বাধা সৃষ্টি করবে না।প্রধানমন্ত্রী গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অভিযোগ করেন, শেয়ারবাজারে কারসাজি এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির পেছনে বিএনপির হাত আছে। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।পুঁজিবাজারে সাম্প্রতিক অস্বাভাবিক দরপতনের কারণ খতিয়ে দেখতে গত জানুয়ারিতে খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে গতকাল সংসদীয় কমিটির সভায় কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান, তাজুল ইসলাম, এম এ মান্নান ও ফরিদা রহমান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, পরিকল্পনা বিভাগের সচিব মনজুর হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। জানা যায়, সভায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কার্যক্রমের অগ্রগতি ও শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।সংবাদ ব্রিফিংয়ে কমিটির সভাপতি বলেন, পুঁজিবাজারে চাহিদা বেশি ও সরবরাহ কম থাকায় বিশৃঙ্খলা বিরাজ করছে। চাহিদার সঙ্গে সরবরাহের সমন্বয় থাকলে এমন অবস্থা হতো না। শুধু ম্যানেজমেন্ট দিয়ে কিছু হবে না। পুঁজিবাজারের মাধ্যমে কালো টাকা সাদা আর সাদা টাকা আরও সাদা করার সুযোগ দেওয়াও এই অস্বাভাবিক অবস্থার কারণ। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় শেয়ারবাজারের সূচক ছিল দুই হাজার ৬০০ পয়েন্টের মতো। তা বেড়ে ১০ হাজার পয়েন্ট হয়ে গেল। কিন্তু গত দুই বছরে দেশে এমন কোনো শিল্পায়ন হয়নি যে পুঁজিবাজারের ইনডেক্স এত বেড়ে যেতে পারে। সূচক বৃদ্ধির বিষয়টি পুরোপুরি ‘আর্টিফিশিয়াল’।মুস্তফা কামাল বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীর সংখ্যা দুই বছরে ১৫ লাখ থেকে ৩৩ লাখ হয়ে গেছে। আগে বছরে যে লেনদেন হতো, এখন তা দুই দিনে হচ্ছে। তিনি বলেন, ‘পুঁজিবাজারের সূচক সাড়ে তিন হাজার বা চার হাজার পয়েন্ট পর্যন্ত না নামলে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবেন। কারণ পুঁজিবাজার অন্য বাজারের মতো নয়। এখানে একজনের লাভই অন্যজনের লোকসান।’ তিনি বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) সংসদীয় কমিটি বলেছিল, যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাচ্ছে এবং পিই রেশিও অতিমাত্রায় বেশি, সেগুলোর ক্ষেত্রে প্রাইস ব্রেকার দেওয়া হোক। এটা করলে অনেকে ক্ষতিগ্রস্ত হতো না। কিন্তু এমন নিয়ম না থাকায় এসইসি ওই প্রস্তাব মেনে নেয়নি।সভায় সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) অধীনে সাতটি প্রকল্প নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে কমিটির সভাপতি বলেন, পিপিপির অধীনে সাতটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। প্রায় ৪২২ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের অধিকাংশই বিদ্যুৎ খাতে। পিপিপির অধীনে আগামী দিনে বড় বড় প্রকল্প নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, জুন থেকে পুরোদমে পিপিপির কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি করা হয়েছে।