প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে সানাউল্লাহর খুনিরা গ্রেপ্তার হচ্ছে না: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বিএনপির নেতা ও বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ নূরের হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কারণে খুনিরা গ্রেপ্তার হচ্ছে না। বিচারাধীন বিষয়ে সরকারপ্রধানের এ ধরনের বক্তব্য প্রকারান্তে খুনিদের রক্ষা করার চেষ্টা। সানাউল্লাহ নূর হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাটোর জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব অভিযোগ করেন। বিএনপির মহাসচিব দাবি করেন, হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ছেড়ে দেওয়ায় দেশে সন্ত্রাস বেড়েছে। সরকারপ্রধান যদি বিচারাধীন বিষয় নিয়ে কথা বলেন, তাহলে বিচার বাধাগ্রস্ত হয় বলে তিনি মন্তব্য করেন। নাটোরের গামা হত্যাকারীদের ছেড়ে দেওয়ার প্রতি ইঙ্গিত করে দেলোয়ার বলেন, হত্যাকারীদের ছেড়ে দিয়ে বীরোচিত সংবর্ধনা দেওয়া ও তাদের বিচার না করার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে পুরস্কৃত করার কারণেই হত্যাকাণ্ড বাড়ছে।হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাবুকে (সানাউল্লাহ) কারা হত্যা করেছে, দেশবাসী তা জানে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। প্রধানমন্ত্রী হত্যাকারীদের রেহাই দিতে ওই হত্যার ঘটনাকে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বলে মন্তব্য করেছেন। এতে বাবুর স্ত্রী-সন্তানেরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।’মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার, বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।