প্রধানমন্ত্রীর বক্তৃতায় শালীনতার প্রচণ্ড অভাব: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে অসত্য কথা মানুষ আশা করে না। ১৪ মার্চ আওয়ামী লীগের জনসভায় তিনি যে ভাষণ দিয়েছেন তা মানুষকে হতাশ করেছে। তিনি যেভাবে বক্তৃতা দিয়েছেন তাতে মনে হয়েছে, তিনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে বক্তৃতা দিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। নতুন প্রজন্ম দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে সত্য কথা প্রত্যাশা করে। আজ শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়ি-সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত কর্মী সমাবেশে মওদুদ আহমদ এসব কথা বলেন।মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী আরও বলেছেন—‘সন্ত্রাসী কর্মকাণ্ড হয় নাই, মানুষ খুন হয় নাই।’ এর চাইতে জলজ্যান্ত অসত্য কথা আর কিছু হতে পারে না। গত এক মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে খুন করা হয়েছে। সৌদি দূতাবাসের দ্বিতীয় কর্মকর্তাকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী বোধহয় এসব ঘটনা ভুলে গেছেন। উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিমের সভাপতিত্বে সমাবেশে সাবেক সাংসদ মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ, বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম সিকদার প্রমুখ বক্তৃতা করেন।মওদুদ আহমদ আরও বলেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতা ছাড়ার আগে চালের দাম ছিল ১৬ থেকে ১৮ টাকা। কিন্তু তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ৪০ টাকা। যা ছিল মইনউদ্দীন-ফখরুদ্দীনের আমলে। ২০০৬ সালে বিএনপির সময় মুদ্রাস্ফীতি ছিল ৫ থেকে ৬ শতাংশ। প্রধানমন্ত্রী বলে দিলেন ১১ শতাংশ। ওই সময় জাতীয় প্রবৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ। অথচ তিনি বললেন তার সরকারের আমলে প্রবৃদ্ধির হার অর্জিত হয়েছে ৬.৭ শতাংশ। অর্থাত্ প্রতিটি কথা তিনি সঠিকভাবে জাতিকে বলেননি। এই বিএনপির নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় শালীনতারও প্রচণ্ড অভাব ছিল। তিনি বেশির ভাগ সময় বিরোধী দলের নেতা ও তাঁর পরিবার সম্পর্কে অনেকটা ব্যক্তিগতভাবে আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি দেশবাসীর কাছে তাঁর নিজের ভাবমূর্তি এবং মর্যাদা ক্ষুণ্ন করেছেন। জাতি আশা করেছিল প্রধানমন্ত্রী একটি নীতি নির্ধারণী উঁচু মানের বক্তব্যে দেবেন। কিন্তু বাস্তবে তিনি একটি অতি সাধারণ বক্তৃতা দিয়েছেন।