প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুদকের তদন্তকে স্বাগত জানালেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাসী। এ জন্য দুদক নিরপেক্ষভাবে কাজ করতে পারছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। সরকার দুদককে শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।’আজ বুধবার রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তাদের জন্য আয়োজিত দুর্নীতিবিরোধী এক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। দাতা সংস্থা ইউএসএআইডির সহায়তায় এর আয়োজন করেছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজ।বাণিজ্যমন্ত্রী বলেন, মন্ত্রী ও সাংসদদের সম্পদের হিসাব দেওয়ার ব্যাপারে নির্দেশনা আসবে। তখন সবাই সম্পদের হিসাব দেবেন।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত আইনসচিব শহীদুল হক বলেন, দুর্নীতি বন্ধে আইন আছে, তবে তার প্রয়োগ নেই। আইনে দুর্নীতির সুযোগ না থাকলেও সমাজের পদে পদে দুর্নীতি বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, অভ্যন্তরীণ কৌশলের উন্নয়ন ছাড়া শুধু আইনের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব নয়।অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, দুর্নীতির কারণে অর্থনীতি, বাজেট ও রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও দুর্নীতি বড় বাধা বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশে দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহামদ।