প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর গাড়িবহরে হামলা, আহত ১০
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান ওরফে গোলাপের গাড়িবহরে হামলা হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় আওয়ামী লীগের সমর্থকেরা গতকাল শুক্রবার সকালে ওই হামলা চালান। এ সময় হামলাকারীদের সঙ্গে আবদুস সোবহানের সমর্থকদের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে সাংবাদিক-পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান তাঁর নিজ এলাকা কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের করিমগঞ্জ, আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ ও ফাঁসিয়াতলায় গতকাল সকালে শুভেচ্ছা বিনিময় করতে যান। আগামী সংসদ নির্বাচনে তিনি মাদারীপুর-৩ (কালকিনি ও সদরের একাংশ) আসনের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন উল্লেখ করে তাঁকে বাধা দেন সম্প্রতি পদত্যাগকারী মন্ত্রী ও স্থানীয় সাংসদ সৈয়দ আবুল হোসেনের সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে ফাঁসিয়াতলা সেতু এলাকায় আবদুস সোবহানের সমর্থক ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ২০টি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহত হন সাংবাদিক বি এ কে মামুন, সহকারী পুলিশ সুপার শেখ রাসেল, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন, যুবলীগের কর্মী ওসমান, কাইয়ুম, সোহরাব, দিদার, এমরান, ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক মেহেদী হাসানসহ কমপক্ষে ১০ জন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ওই সংঘর্ষের প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে এনায়েতনগরের খালেকের হাট বাজারে ১২টি দোকান ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন আবদুস সোবহানের সমর্থকেরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনার পর পুলিশি পাহারায় উপজেলা সার্কিট হাউসে গিয়ে আশ্রয় নেন আবদুস সোবহান। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এ সময় সৈয়দ আবুল হোসেনের সমর্থনে বাইরে মিছিল হয়। বিকেল সাড়ে পাঁচটায় পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশে রওনা হন আবদুস সোবহান।স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকায় গিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর কথা বললে লোকজন আবদুস সোবহানের কাছে জানতে চায়, তিনি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন কি না। তিনি স্পষ্ট কোনো উত্তর না দেওয়ায় জনগণ ক্ষিপ্ত হয়ে বাধা দেয়। এ সময় আবদুস সোবহানের সমর্থকেরা জনগণের ওপর হামলা চালায়। হামলার ব্যাপারে আবদুস সোবহান বলেন, ‘আমি কোনো নির্বাচনী প্রচারণায় আসিনি। ঈদের শুভেচ্ছা জানাতে এসেছিলাম। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’এ ব্যাপারে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা সিদ্দিকী বলেন, আবদুস সোবহান ও তাঁর লোকজন সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে জনগণ তাঁদের ওপর হামলা চালায়। মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নজরুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ওসমান নামের যুবলীগের এক কর্মীকে আটক করা হয়েছে।