প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর জনসংযোগে বাধা, আহত ১৯
মাদারীপুরের কালকিনি উপজেলায় আজ শুক্রবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহানের জনসংযোগে পরপর দুই দফা বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয়েছে পাঁচটি মোটরসাইকেল ও ১২টি দোকানপাট। এতে ১৯ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আবদুস সোবাহান তাঁর গাড়িবহর নিয়ে জনসংযোগ ও ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে কালকিনি থেকে এনায়েতনগর ইউনিয়নের দিকে যাচ্ছিলেন। আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পৌঁছার পর স্থানীয় লোকজন তাঁর গাড়িবহর আটকে দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়। সংঘর্ষ চলাকালে তিনটি বোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে কালকিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পরে মাদারীপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেলে আবদুস সোবাহান এনায়েতনগরের খালেকেরহাট এলাকায় জনসংযোগ করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট এলাকায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সমর্থক ও আবদুস সোবাহানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ প্রায় ১৫ জন আহত হন। এ সময় অর্ধশতাধিক বোমার বিস্ফোরণ ঘটে। এ ছাড়া পাঁচটি মোটরসাইকেল ও ১২টি দোকান ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল হোসেন সাংবাদিকদের জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থল থেকে ওসমান নামের এক যুবলীগের কর্মীকে আটক করা হয়েছে।আবদুস সোবাহান সাংবাদিকের বলেন, ‘আমি ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য কালকিনির বিভিন্ন এলাকার মানুষের কাছে যাচ্ছি। এটা কি দোষের কিছু?’প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবাহান মাদারীপুর-১ (কালকিনি ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগ থেকে আগামী নির্বাচনে অংশ নিতে ছয় মাস ধরে ওই এলাকায় জনসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই আসন থেকে নির্বাচিত সাংসদ।