প্রধানমন্ত্রীর বিস্ময়...
অমর একুশে গ্রন্থমেলা ২০১৩-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর উদ্বোধনী বক্তব্যের পর মঞ্চে উঠে আসে একটি শিশু। তার নাম সায়েম। এসেছে খুলনা থেকে। সায়েমের বয়স হবে নয় বা দশ বছর। পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, পায়জামা। তার ওপর একটি কালো মুজিব কোট। মঞ্চে উঠে সায়েম যেন আগুন ঝরাল। একটুও না আটকিয়ে, না থেমে অনর্গল উচ্চৈঃস্বরে সে আবৃত্তি করে গেল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা। তার আবৃত্তি শুনে মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী। সায়েম ও তার বাবাকে মঞ্চে ডাকলেন। জড়িয়ে ধরে আদর করলেন সায়েমকে। ঘটনার শেষ এখানেই নয়। এরপর সায়েম আবারও আসে মঞ্চে। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দাঁড়িয়েছিলেন, দিয়েছিলেন তাঁর ঐতিহাসিক ভাষণ, ঠিক সেভাবেই সায়েমও দাঁড়ায় মঞ্চে। একটি হাত পেছনে, একটি জনগণের উদ্দেশে। সেই হাত নেড়ে নেড়ে অবিকল বঙ্গবন্ধুর সেই ভাষণ সায়েমের কণ্ঠে। শুরু থেকে শেষ পর্যন্ত পিনপতন নীরবতা। নীরব প্রধানমন্ত্রীও। চমক ভাঙে যখন সায়েম বলে ওঠে, ‘এবারের সংগ্রাম...স্বাধীনতার সংগ্রাম।’ প্রধানমন্ত্রী আবারও মঞ্চে ডাকেন সায়েমকে। মাথায় হাত রেখে দোয়া করেন। আবারও জড়িয়ে ধরেন শিশুটিকে।এরপর উপস্থাপক জানান, সায়েমের ভাষণ শুনে বিস্মিত প্রধানমন্ত্রী। শিশুটির পড়াশোনার জন্য প্রধানমন্ত্রী এক লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেও উপস্থাপক জানান।