প্রধানমন্ত্রীর বেলারুশ সফরের উদ্দেশ্য সামরিক সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সোভিয়েত রাজ্য বেলারুশে আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন। এর মাধ্যমে উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করছে বেলারুশ। প্রতিরক্ষা ও কূটনৈতিক সূত্রগুলো জানায়, বেলারুশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সামরিক শিল্প প্রকল্প প্রতিষ্ঠায় আগ্রহী।সামরিক ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে এসব বিষয়ে গত বছরের নভেম্বরে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি গত ১৯ জুন বেলারুশের পার্লামেন্টে অনুমোদিত হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা বেলারুশ টেলিগ্রাফ এজেন্সি (বিটিএ) জানিয়েছে। বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসিনিকোভিচের ঢাকা সফরের সময় ওই চুক্তি সই হয়েছিল। পার্লামেন্টে অনুমোদিত চুক্তিতে অনেকগুলো ক্ষেত্রে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় নির্দিষ্ট করা হয়েছে। ওই চুক্তিতে সহযোগিতার ক্ষেত্র হিসেবে কন্ট্রোল, কমিউনিকেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার সিস্টেমসহ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং আধুনিকায়নের কথা বলা হয়েছে। এ ছাড়া রেডিও-ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম এবং অস্ত্র ও বিশেষ ধরনের অন্যান্য উপকরণ তৈরির প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।বেলারুশ কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই সব খবরে বলা হয়েছে, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়নে একটি আন্তসরকার কমিশন গঠনের প্রস্তাব করবে বেলারুশ। বেলারুশের রাষ্ট্রীয় সামরিক শিল্প কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান, ভ্লাদিমির সুলিমভকে উদ্ধৃত করে বিটিএ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা শুরু হয়েছে ২০০৫ সালে এবং এ পর্যন্ত বাস্তবায়িত কন্ট্রাক্টেও অর্থমূল্য কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে ইউরোপের সবচেয়ে কঠোর স্বৈরাচারী শাসক হিসেবে পাশ্চাত্যের সংবাদমাধ্যমে বর্ণনা করা হয়ে থাকে। সেই বেলারুশ সরকার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয় প্রকাশ করা হলেও বাংলাদেশে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।বেলারুশের রাষ্ট্রীয় সমরসামগ্রী রপ্তানিকারক কোম্পানি বেলটেক এক্সপোর্ট হেলিকপ্টার, সাঁজোয়া যান, আর্টিলারি, হালকা অস্ত্র, আকাশ সুরক্ষার অস্ত্র, গোলাবারুদ এবং সেন্সর সরবরাহ করে থাকে। তবে বাংলাদেশে তারা কী কী সরবরাহ করেছে, তার বিস্তারিত জানায়নি। বাংলাদেশের মিগ-২৯ জঙ্গি বিমানগুলোর আপগ্রেডের জন্যও বেলারুশ প্রস্তাব দিয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে।বেলারুশের অন্য আরেকটি সংবাদ সংস্থা জানিয়েছে, সামরিক ক্রয় এবং সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য গত ২৮ জুন বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধিদল মিনস্ক গেছে। তবে শেখ হাসিনার আসন্ন সফরের সময়ে নির্দিষ্টভাবে কোনো সামরিক ক্রয়চুক্তির সম্ভাবনার কথা নাকচ করে দিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলছেন, সামগ্রিকভাবে সহযোগিতার বিষয়টি আলোচনা হতে পারে।সামরিক সূত্রগুলো জানায়, রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইরকুট গত মাসে প্যারিসে অনুষ্ঠিত এয়ার শোতে জানিয়েছে, তারা বাংলাদেশ বিমানবাহিনীর জন্য প্রশিক্ষণ বিমান ইয়াক-১৩০ সরবরাহ করবে। ইরকুটের কর্মকর্তা কনস্টানটিন ববোভিচকে উদ্ধৃত করে একটি সূত্র জানিয়েছে, শত কোটি ডলারের যে রাষ্ট্রীয় ঋণ রাশিয়া বাংলাদেশকে দেবে, তার আওতায় অন্যান্য সামগ্রীর পাশাপাশি ২৪টি প্রশিক্ষণ বিমান কেনার প্রস্তাব এখন বিবেচনাধীন আছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার লন্ডন আসছেন। ৮ জুলাই এখান থেকে মিনস্ক যাবেন। লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সাক্ষাতের কথা রয়েছে। এখানে শেখ হাসিনা তাঁর বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীর বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেবেন।