প্রধানমন্ত্রীর ভারত সফরকালে তিনটি চুক্তি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরকালে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ, সাজাপ্রাপ্ত বন্দী বিনিময় ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহায়তা বাড়ানোর বিষয়ে তিনটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে তিস্তা নদীর পানি বণ্টন বিষয়ে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। খবর বাসসের।দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর চার দিনের এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি চুক্তি হবে। এগুলো হলো ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা-বিষয়ক চুক্তি, সাজাপ্রাপ্ত বন্দী বিনিময়বিষয়ক চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও মাদক পাচার প্রতিরোধবিষয়ক চুক্তি। এ ছাড়া এই সফরে দুই দেশের মধ্যে বিদ্যুত্ আমদানি-রপ্তানি বিষয়ে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন, বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি হলেও এই সফরে এ ব্যাপারে কোনো চুক্তি হওয়ার তেমন সম্ভাবনা নেই। তবে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সফরে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। এ ছাড়া টিপাইমুখ বাঁধ, ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে নদী খনন, দুই দেশের মধ্যে রেল যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ, বিদ্যুত্ ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় আলোচ্যসূচিতে স্থান পাবে। পাশাপাশি ভারতে বাংলাদেশের পণ্যের ওপর শুল্ক বাধা দূর করার বিষয়টিও আলোচনায় আসবে বলে জানান তিনি।সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়টিও উত্থাপন করা হবে উল্লেখ করে দীপু মনি বলেন, সীমান্তের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। তিনি বলেন, ‘সীমান্তসংশ্লিষ্ট অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করতে দুই পক্ষই আগ্রহী ও আশাবাদী।’ ভারতের ওপর দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপনের জন্য বাংলাদেশ ট্রানজিট সুবিধা চাইবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় ট্রানজিট চুক্তির আওতায় নেপাল ও ভুটানকে বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভারতের প্রস্তাবিত ‘সীমান্ত হাট’ স্থাপন করার বিষয়টিও আলোচনায় স্থান পাবে। এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় দক্ষিণ এশিয়া অঞ্চলে একটি সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স গঠনের বাংলাদেশের প্রস্তাব ভারতীয়দের কাছে তুলে ধরা হবে। বন্দী বিনিময় চুক্তির আওতায় উলফা নেতা অনুপ চেটিয়ার মতো ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নয়াদিল্লির কাছে হস্তান্তর করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বন্দী বিনিময় চুক্তি শুধু সাজাপ্রাপ্ত বন্দীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাঁরা তাঁদের কারাবাসের একটি অংশ অন্য দেশে কাটিয়েছেন।’ কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর ভারত সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মশিউর রহমান ও গওহর রিজভী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা। ১০ জানুয়ারি শেখ হাসিনার ভারতে যাওয়ার কথা। মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার পর এটাই হবে তাঁর প্রথম ভারত সফর।