প্রধানমন্ত্রীর ভারত সফরকে আঞ্চলিক প্রেক্ষাপটে দেখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য ভারত সফরকে দুই দেশের প্রেক্ষাপটে দেখলে হবে না। এ সফরকে আঞ্চলিক প্রেক্ষাপটে দেখতে হবে। প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।প্রধানমন্ত্রীর ভারত সফর ও বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত গোলটেবিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই সফরকে শুধু বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে চলবে না, এই সফর দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন দিগন্ত খুলে দেবে। একটি সফরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেটি আশা করা যায় না। কিন্তু একটি সফরে যতখানি অর্জন সম্ভব, সেটি হয়েছে।’ সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ উদ্দিনের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘এতদিন আমরা অন্ধকারে ছিলাম। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালে যদি বিদ্যুত্ উত্পাদন করত, তাহলে আমাদের অন্ধকারে থাকতে হতো না। বিএনপি সেটি করেনি বলেই আজ সমস্যা সমাধানে ভারত থেকে বিদ্যুত্ আনতে হচ্ছে।’বৈঠকে বক্তারা বলেন, এ সফরে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সেগুলো সংসদ, বিরোধীদলসহ সব পক্ষকে সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আর তা করা না হলে জটিলতা আরও বাড়বে বলে বক্তারা মন্তব্য করেন।বৈঠকে সাবেক রাষ্ট্রদূত আশফাক আহমেদ, আইনজীবী হারুনুর রশিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পররাষ্ট্রসচিব রিয়াজ রহমান, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি ফারুক সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান, সাবেক পররাষ্ট্রসচিব সি এম শফি সামি, পরিবহন-বিশেষজ্ঞ রহমতউল্ল্যাহ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম খান, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ব্যবসায়ী সভাপতি মতলুব আহমেদ, সাংসদ মোস্তফা ফারুক, মানবাধিকার নেত্রী আইরিন খান, সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম।