প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের কোনো অর্জন নেই: খোন্দকার দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশের কোনো অর্জন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর থেকে এখনো বাংলাদেশের জনগণ লাভবান হয়েছে, এমনটি বলা যাবে না। গতকাল মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক-এগারো উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সমাবেশে তিনি সরকারবিরোধী আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার পরামর্শ দেন। সমাবেশে বিএনপির নেতারা এক-এগারোর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তাঁরা এক-এগারোর হোতাদের বিচারও দাবি করেন।সমাবেশে খোন্দকার দেলোয়ার বলেন, ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী যেসব চুক্তি করেছেন, তাতে দেশের জনগণের কিছু যায় আসে না। এতে জাতীয় কোনো স্বার্থও উদ্ধার হয়নি। তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুত্ উত্পাদন না বাড়িয়ে ভারত থেকে বিদ্যুত্ আনলে ভারতেরই লাভ হবে। সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, মানুষ আওয়ামী লীগের এক বছরের কর্মকাণ্ডে অতিষ্ঠ। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আন্দোলনের সময় এসেছে। আন্দোলনের জন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও পরামর্শ দেন। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।