প্রধানমন্ত্রীর ভাষণ গণতন্ত্র ও জনমতের প্রতি পরিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে জনগণের অধিকার, গণতন্ত্র ও জনমতের প্রতি চরম পরিহাস বলে মন্তব্য করেছে প্রধান বিরোধী দল বিএনপি। গত শুক্রবারের ওই ভাষণে ক্ষমতার দম্ভ ফুটে উঠেছে বলেও মন্তব্য করে দলটি।প্রধানমন্ত্রীর ভাষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই আজ রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র ও সমন্বয়ক তরিকুল ইসলাম এ মন্তব্য করেন।তরিকুল ইসলাম বলেন, ‘এই ভাষণে মানুষের আশার কোনো কথা নেই। দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, তা নিরসনে একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী। বরং তাঁর সরকারে অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন করার আশা ব্যক্ত করেছেন তিনি।’‘আমরা প্রধানমন্ত্রীর ভাষণ প্রত্যাখ্যান করছি’—এ উক্তি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের অধীনে অতীতে কখনো কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়নি, আগামীতেও তা সম্ভব নয়।’ভাষণে উল্লেখ করা গত চার বছরে সরকারের উন্নয়ন ও সাফল্যের তথ্যকে ‘ভিত্তিহীন’ ও ‘চরম হাস্যকর’ বলে দাবি করেন তরিকুল। তিনি বলেন, একদলীয় বাকশালের অবসানের পর এমন ‘ব্যর্থ, ধাপ্পাবাজ ও সন্ত্রাসী’ সরকার আর কখনো রাষ্ট্র ক্ষমতায় আসেনি। এমন সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন এবং দলীয়করণও আগে কখনো হয়নি।তরিকুল বলেন, ‘ভাষণে প্রধানমন্ত্রী নিজের, তাঁর পিতার ও সন্তানদের যে প্রশস্তি গেয়েছেন, তা খুবই অশোভন। আর রাষ্ট্রীয় প্রচারমাধ্যমকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে যে বিষোদগার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কে কটূক্তি করেছেন, তা-ও জাতি প্রত্যাশা করেনি।’বিএনপির সমন্বয়ক বলেন, প্রধানমন্ত্রী সাড়ে ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে কথা বলেছেন, তা অসত্য ও মনগড়া। বরং জোট সরকারের সময়কার প্রবৃদ্ধির ধারাকে বর্তমান সরকার নিম্নমুখী করেছে। সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে, অনেকে শূন্য হাতে দেশে ফিরছে। এসব চিত্র আড়াল করা হয়েছে। বিএনপির নেতা ইলিয়াস আলী গুম হওয়ার পর উদ্ধার করা এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনী খুনের পর হত্যাকারীদের গ্রেপ্তার ও সুবিচারের অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী। এর কোনোটিই পূরণ হয়নি। সীমান্ত হত্যাকাণ্ড ও টিপাইমুখ বাঁধ নিয়ে জনগণের উদ্বেগ নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করে বিচারের নামে মহাপ্রহসন চলছে। প্রধানমন্ত্রী এই বিচারের কৃতিত্ব দাবি করে জাতির সঙ্গে পরিহাস করেছেন। তরিকুল ইসলাম বলেন, ক্ষমতায় এসে দুই বছর বিদ্যুত্ খাতের উন্নয়নে কিছু না করে হাত গুটিয়ে বসে থাকে। এরপর বিদ্যুত্ পরিস্থিতির চরম অবনতির অজুহাতে বিনা টেন্ডারে কুইক রেন্টাল বিদ্যুত্ প্রকল্প দেওয়া হয় প্রধানমন্ত্রীর নিকটজনদের। তাঁদের ভর্তুকি মূল্যে তেল সরবরাহ করতে গিয়ে এখন দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। গত চার বছরে পদ্মা সেতু প্রকল্প, পুঁজিবাজার, হল-মার্ক, ডেসটিনি, ইউনিপে টুসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির উল্লেখ করে তরিকুল বলেন, ‘জনগণের সম্পদ লুটপাট করে সরকারের লোকেরা বিদেশেই কেবল সম্পদের পাহাড় গড়েনি, দেশেও একেকজন আঙুল ফুলে কলাগাছ হয়েছে। যাঁদের তেমন কিছুই ছিল না, তাঁরা ব্যাংক-বিমার মালিক হয়েছেন।’প্রধানমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে তরিকুল বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে আমরা কখনোই বিরোধী নই বরং আন্তরিক। বিচার হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন। কারণ আওয়ামী লীগের তত্কালীন (১৯৭২-৭৫) সরকার ত্রিদেশীয় চুক্তি সই করে স্বীকৃত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে বিনা বিচারে ছেড়ে দিয়েছিল।’সংবাদ সম্মেলনে সরকারের চার বছরে গুম, খুন, ধর্ষণ, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও নিপীড়নের উল্লেখ করেন তরিকুল। তিনি বলেন, বিএনপির মহাসচিবকে হাস্যকর মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। অথচ শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২১ আসামিকে রাষ্ট্রপতির মাধ্যমে সরকার ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগের সাড়ে সাত হাজার মামলা তুলে নেওয়া হয়েছে।বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর বক্তৃতায় এত অসত্য তথ্য দেওয়া হয়েছে, যার সবকিছুর জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। তবে, আমরা একটি কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সেটি হলো এবার তিনি বক্তৃতা বেশি দীর্ঘ করেননি। এতে জনগণ মিথ্যার পীড়ন থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছে।’সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রী ভাষণে জনগণের যে সমর্থন চেয়েছেন, তার জবাবে তরিকুল বলেন, ‘মানুষের প্রতি সামান্যতম দরদ থাকলে প্রধানমন্ত্রীর উচিত ছিল সব ব্যর্থতা ও অত্যাচারের জন্য ক্ষমা চেয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো।’যৌথসভার সিদ্ধান্ত: এর আগে দলীয় কার্যালয়ে তরিকুল ইসলামের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় কমিটির সঙ্গে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঠিক করা হয়। কর্মসূচি অনুযায়ী ১৯ জানুয়ারি খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ অর্পণ, পরদিন ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা। এ ছাড়া ১৫ জানুয়ারি ঢাকাসহ সব মহানগর ও জেলা শহরে ১৮ দলের মানবপ্রাচীর কর্মসূচি সফল করার সিদ্ধান্ত হয়।