প্রধানমন্ত্রীর ভাষণে জনগণ হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার ক্ষমতার দুই বছর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ দেশবাসীকে হতাশ করেছে বলে দাবি করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। মোর্চার নেতারা বলেছেন, প্রধানমন্ত্রীর ভাষণ জনগণের মধ্যে কোনো আস্থা তৈরি করতে পারেনি। প্রতিদিন সরকারের মন্ত্রী-সাংসদেরা সরকারের যেমন সাফাই গেয়ে কথাবার্তা বলেন, প্রধানমন্ত্রী তাঁরই পুনরাবৃত্তি করেছেন। মহাজোট সরকারের ‘দিনবদলের সনদ’ ক্ষমতার দুই বছরের মাথায় কীভাবে মুখ থুবড়ে পড়েছে, ভাষণে সে বিষয়ে কোনো স্বীকারেক্তি বা আত্ম-সমালোচনা নেই। বরং নিজেদের ব্যর্থতার দায় বিরোধীপক্ষের ওপর চাপিয়ে পার পেতে চেয়েছেন প্রধানমন্ত্রী।আজ শনিবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে মোর্চার পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোর্চার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।লিখিত বক্তব্যে আরও বলা হয়, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সরকারের নির্বাচনী অঙ্গীকার হলেও প্রধানমন্ত্রী তাঁর সরকারের বাকি সময়কালে যুদ্ধাপরাধীদের উপযুক্ত বিচার আদৌ সম্ভব হবে কি না, সে বিষয়ে জনমনে কোনো আস্থা তৈরি করতে পারেননি। নেতারা আরও বলেন, সরকারের ২৪ মাসেও দেশ ও জনগণের গুরুতর কোনো সংকট সমাধান না হওয়ার দায়ভার পুরোপুরি প্রধানমন্ত্রী ও তাঁর মহাজোট সরকারকেই বহন করতে হবে। গত দুই বছরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অকার্যকর রয়েছে, মানবাধিকার কমিশন ক্ষমতাহীন, বিচার বিভাগ নামে স্বাধীন হলেও সরকারি প্রভাবের বাইরে গিয়ে এটি কাজ করতে পারছে না। শ্রমিক-কর্মচারীসহ জনগণের গণতান্ত্রিক অধিকারকে বিভিন্নভাবে দমন করা হচ্ছে।সম্মেলনে বাম মোর্চার শুভ্রাংশু চক্রবর্তী, জোনায়েদ সাকী, বাবুল বিশ্বাস, নজরুল ইসলাম, বহ্নিশিখা জামালী প্রমুখ উপস্থিত ছিলেন।