প্রধানমন্ত্রীর ভাষণে জনগণ হতাশ হয়েছে: দেলোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, জনগণ প্রধানমন্ত্রীর ভাষণে হতাশ হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ প্রমাণ করে যে, নির্বাচনের আগে জাতিকে দেখানো স্বপ্ন বাস্তবায়নে সরকার গত এক বছরে কোনো ভূমিকা রাখতে পারেনি। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন।আওয়ামী লীগ সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ভাষণের প্রতিক্রিয়া জানাতে আজ খোন্দকার দেলোয়ার এসব কথা বলেন।খোন্দকার দেলোয়ার বলেন, দেশে ইতিবাচক রাজনীতি চালু করতে হলে সরকারকে বিরোধী দলের ওপর দমন-নিপীড়ন বন্ধ করতে হবে। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। নতুন করে কেবল রাজনৈতিক উদ্দেশ্যে আর কোনো মামলা দেওয়া যাবে না।প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, গতানুগতিক ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে সরকার একটি সুস্থ রাজনৈতিক ধারার সূচনা করতে কাজ করছে। এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলকে দমন করে দেশে সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার কথা অবান্তর। তাই প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ পরস্পরবিরোধী।বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানানো প্রসঙ্গে খোন্দকার দেলোয়ার বলেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই অবগত আছেন যে, বিএনপি কেন সংসদে যাচ্ছে না। তাঁরা সেই সমস্যার সমাধান না করে সংসদে আসার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, বিএনপি সংসদে যেতে চায়। এ জন্য সরকারের উচিত সব দলের সংসদে আসার পরিবেশ তৈরি করা।বিএনপির মহাসচিব অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে অসত্য তথ্য দিয়েছেন। সরকারের এক বছরের সফলতা বা ব্যর্থতা জনগণকে মূল্যায়ন করতে দেওয়া হলে এখন এ দেশের মানুষ সরকারের বিরুদ্ধে রায় দেবে।এক প্রশ্নের জবাবে খোন্দকার দেলোয়ার বলেন, চারদলীয় জোটের কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল—কথাটি সত্য নয়। কেননা, শেখ হাসিনা নিজেই বলেছেন, ওই সরকার তাদের আন্দোলনের ফসল। এ দেশের জনগণ সে কথা ভুলে যায়নি।ব্রিফিংয়ের সময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাসিরউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।