প্রধানমন্ত্রীর ভাষণে জনগণ হতাশ হয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর ভাষণে জনগণ হতাশ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। দলটি মনে করে, প্রধানমন্ত্রীর ভাষণ প্রমাণ করে, নির্বাচনের আগে জাতিকে দেখানো স্বপ্ন বাস্তবায়নে সরকার গত এক বছরে কোনো ভূমিকা রাখতে পারেনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানাতে গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এসব কথা বলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গত বুধবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন।খোন্দকার দেলোয়ার বলেন, দেশে ইতিবাচক রাজনীতি চালু করতে হলে সরকারকে বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করতে হবে, হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে। নতুন করে কেবল রাজনৈতিক উদ্দেশ্যে আর কোনো মামলা দেওয়া যাবে না।গতানুগতিক ধারার রাজনীতি থেকে বেরিয়ে এসে সরকার একটি সুস্থ রাজনৈতিক ধারার সূচনা করতে কাজ করছে—প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, বিরোধী দলকে দমন করে দেশে সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার কথা অবান্তর। তাই প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পূর্ণ বাস্তবতাবিরোধী। বিরোধী দলকে সংসদে যেতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিশ্চয়ই অবগত আছেন যে বিএনপি কেন সংসদে যাচ্ছে না। অথচ তাঁরা সেই সমস্যার সমাধান না করে সংসদে আসার আহ্বান জানাচ্ছেন। বিএনপি সংসদে যেতে চায়। এর জন্য সরকারের উচিত সব দলের সংসদে আসার পরিবেশ তৈরি করা।খোন্দকার দেলোয়ার অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে অসত্য তথ্য দিয়েছেন। সরকারের এক বছরের সফলতা বা ব্যর্থতা জনগণকে মূল্যায়ন করতে দেওয়া হলে এখন এ দেশের মানুষ সরকারের বিরুদ্ধে রায় দেবে। দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি দমন করতে চাইলে নিজ দলের দুর্নীতিবাজদের মূল উত্পাটনের মাধ্যমে সে কাজ করা উচিত। বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। প্রধানমন্ত্রী কল্পনার যে বাংলাদেশের কথা বলছেন, তা বাস্তবায়িত হলে আমরা খুশি হব। কিন্তু তাঁকে এটা মনে রাখতে হবে, কেবল কথার মালা দিয়ে সেই স্বপ্ন পূরণ সম্ভব না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চারদলীয় জোটের কারণে বিগত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছিল—এ কথা সত্য নয়। কেননা, শেখ হাসিনা নিজেই বলেছেন, ওই সরকার তাঁদের আন্দোলনের ফসল। এ দেশের জনগণ সে কথা ভুলে যায়নি। সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছিরউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।