প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অর্পিত সম্পত্তি আইন সংসদে আসবে: সংসদীয় কমিটি
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অর্পিত সম্পত্তি (সংশোধন) আইন-২০১০ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় দিনের কার্যসূচিতে থাকলেও গতকাল সোমবার সংসদে তা উপস্থাপন করা হয়নি।আজ মঙ্গলবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে কমিটির গত আটটি সভায় নেওয়া সুপারিশমালার মধ্যে যে কয়টি বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়।সভায় অর্পিত সম্পত্তি (সংশোধন) আইন সম্পর্কে ভূমিমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় এটি আরও পর্যালোচনার পর সংসদে উপস্থাপন করা হবে। কারণ, এটি একটি স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করে আইনটি চূড়ান্ত করা হবে।সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, মো. শাহাবউদ্দিন, আবদুল হাই, মতিউর রহমান ও বেনজীর আহমদ সভায় অংশ নেন।বৈঠক শেষে কমিটির সভাপতি মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, অর্পিত সম্পত্তি আইন নিয়ে কমিটিতে আলোচনা হতে পারে। প্রয়োজনে এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুন্দর আইন প্রণয়ন করা হবে।