প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে ইতালির নবনিযুক্ত রাষ্ট্রদূত জর্জিও গাগলিয়েলমিনো আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠককালে তাঁরা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং ইতালিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাড়ানোসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিশেষজ্ঞ অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, জাহাজ নির্মাণ ও যোগাযোগ খাতে ইতালির বিনিয়োগ কামনা করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশের সিরামিক পণ্য, ওষুধ সামগ্রী, চামড়াজাত পণ্য ও তৈরি পোশাক আমদানি বাড়াতে ইতালি সরকারের প্রতি আহ্বান জানান।অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস।