প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎ
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।বাংলাদেশ দলের খেলোয়াড়দের আশীর্বাদ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান এবং আটটি খেলা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে; যা আমাদের জন্য একটি বিরল সম্মান ও গর্বের বিষয়।’ শেখ হাসিনা বাংলাদেশে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বকাপ ভেন্যু প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম, তখন অনেকে সমালোচনা করেছিল।’ তিনি বলেন, ‘আজ প্রমাণিত হয়েছে যে আমাদের যোগ্যতার বলেই আমরা ওয়ানডে ও টেস্ট মর্যাদা লাভ করেছি।’বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে সব দলের অনেক খেলোয়াড় আসবে এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আমি খুবই আশাবাদী যে আমরা একদিন বিশ্বকাপ জয়ী হব ইনশাল্লাহ।’প্রধানমন্ত্রী নেতিবাচক সংবাদ প্রচারের পরিবর্তে বাংলাদেশ টিমকে উৎসাহিত করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নেতিবাচক খবর খেলোয়াড়দের মনোবল ভেঙে দিতে পারে। প্রধানমন্ত্রী অধিনায়ক সাকিব আল হাসানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান। পরে শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে এক ফটোসেশনে অংশ নেন এবং তাঁদের মিষ্টি মুখ করান।অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এ এইচ এম মুস্তাফা কামাল এ সময় উপস্থিত ছিলেন।এ ছাড়া বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি ও তাঁর স্ত্রী পেপি সিদ্দিক এবং তাঁদের মেয়ে লীলা সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখার জন্য তাঁরা দেশে এসেছেন। বাসস।