প্রধানমন্ত্রীর সঙ্গে পাইলটদের বৈঠক ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানের বিদ্যমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক শেষ হয়েছে। আজ শনিবার দুপুর একটা ৪০ মিনিটে সবাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে আসেন।বৈঠকে অংশ নেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী জি এম কাদের, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন এবং পাইলটদের প্রতিনিধি ক্যাপ্টেন মাহতাব ও ক্যাপ্টেন শাহ আলম।বেলা ১১টা থেকে এ বৈঠক শুরু হয়েছিল।ক্যাপ্টেন মাহতাব প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী তাঁদের দাবি-দাওয়াগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। এই আলোচনা অনুষ্ঠান ইতিবাচক হয়েছে বলে মনে করছেন তাঁরা।এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটরা আজ শনিবার তাঁদের নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। বর্তমানে সব কাজ স্বাভাবিকভাবে চলছে এবং শিডিউল অনুযায়ী সকাল থেকে সব বিমান ছেড়ে যাচ্ছে বলে জানা গেছে।গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় পাইলটরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে নয় দিন ধরে বিমানের ফ্লাইট পরিচালনায় অচলাবস্থার অবসান হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।প্রসঙ্গত, বিমানের পাইলটদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছর করাকে কেন্দ্র করে সংকটের শুরু। বয়স বৃদ্ধি বাতিলসহ পাঁচ দফা দাবিতে ২০ অক্টোবর সংবাদ সম্মেলন করে বাপা ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় বিমান কর্তৃপক্ষকে। পরদিন বিকেল পাঁচটা থেকে পাইলটরা পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে অতিরিক্ত সময় বিমান চালনা থেকে বিরত থাকা শুরু করেন। তাঁদের দাবি, চুক্তি অনুযায়ী প্রত্যেক পাইলটের মাসে ৭০ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করার কথা। এ কর্মসূচি শুরুর পরপরই বিমানের ফ্লাইট সূচিতে বিপর্যয় শুরু হয়।এরপর ২৪ অক্টোবর সন্ধ্যায় বিমান কর্তৃপক্ষ বাপার সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ এবং পরে তাঁদের সাময়িক বরখাস্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে পাইলটরা ওই দিন রাত নয়টা থেকে অঘোষিত ধর্মঘট শুরু করেন। পরে বিমানের পক্ষ থেকে পাইলটদের কাজে যোগ দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে যোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় । আজ শনিবার বেলা ১১টায় ৪৮ ঘণ্টা সময়সীমা শেষ হয়।