প্রধানমন্ত্রীর সঙ্গে প্রণব মুখার্জির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ শনিবার সন্ধ্যায় গণভবনে বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা ব্যবসা-বাণিজ্যসহ দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান। খবর ইউএনবি।বৈঠকে ভারতের অর্থমন্ত্রী বাংলাদেশের সঙ্গে করা ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি সইয়ের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করে বলেন, এটা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় এবং পারস্পরিক আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, উপদেষ্টা গওহর রিজভি, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম উপস্থিত ছিলেন।প্রণব মুখার্জির সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রজিত মিটারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশকে প্রতিশ্রুত ভারতের ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আজ সন্ধ্যায় ভারতের এক্সিম ব্যাংকের (এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া) সঙ্গে চুক্তিটি সই করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টি সি এ রঙ্গনাথন চুক্তিতে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুক্তিটি সই হয়।চুক্তি সইয়ের সময় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের আগে প্রণব মুখার্জি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন। এর পরই প্রণব মুখার্জি অতিথি ভবন যমুনা থেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আসেন। আলোচনা শেষে গণভবন থেকে সরাসরি চলে যান শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত সাড়ে নয়টায় তিনি ঢাকা ত্যাগ করেন।এর আগে চার ঘণ্টার এক ঝটিকা সফরে বিকেল তিনটা ৪০ মিনিটে প্রণব মুখার্জি ঢাকায় পৌঁছেন।