প্রধানমন্ত্রীর সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সফররত বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালেদ বিন আহম্মেদ বিন মোহাম্মেদ আল-খালিফ আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাত্কালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাহরাইনে বাংলাদেশের জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা করেন।সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।বাহরাইন সরকারের প্রতি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।উল্লেখ্য, বাহরাইনে এক লাখ ১০ হাজার বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছে।বৈঠককালে তাঁরা দুই দেশের ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের বিষয় নিয়েও আলোচনা করেন।বৈঠককালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘আপনি শুধু বাংলাদেশের নেত্রী নন, মুসলিম উম্মাহরও নেত্রী। আমরা আপনাকে নিয়ে গর্ববোধ করি।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের সম্পূর্ণ অনুকূল পরিবেশ বিরাজ করছে। তিনি বাংলাদেশে বিনিয়োগের জন্য বাহরাইনকে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধসামগ্রী, সিরামিকস পণ্য, চামড়াজাত দ্রব্যসহ বিভিন্ন উত্পাদিত পণ্য আমদানির জন্যও বাহরাইন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।