প্রধানমন্ত্রীর সঙ্গে বুয়েটের উপাচার্যের সাক্ষাৎ
টানা অসন্তোষের মধ্যে ডিন ও চেয়ারম্যানদের পদত্যাগের এক দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য, সহ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত্ করেছেন।উপাচার্য নজরুল ইসলাম, সহ-উপাচার্য এম হাবিবুর রহমানসহ সিন্ডিকেট সদস্যরা প্রতিনিধিদলে রয়েছেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর উপাচার্য নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘বুয়েটের সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। আমি ও সিন্ডিকেট সদস্যরা প্রধানমন্ত্রীকে বুয়েটের সার্বিক অবস্থা জানিয়েছি।’এদিকে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে বৃষ্টির মধ্যেই অবস্থান নেন তাঁরা।বিক্ষোভরত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একাংশের পদত্যাগের দাবির প্রসঙ্গে উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমার বিরুদ্ধে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ নেই। তাহলে পদত্যাগ করা অনৈতিক হবে।’ তিনি বলেন, ‘বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত সিন্ডিকেটের নয় বলে শিক্ষক সমিতি দাবি করেছেন। কিন্তু উপাচার্যের ক্ষমতাবলে আমি এটা করতে পারি।’ উপাচার্য নজরুল ইসলাম আরও বলেন, নথিপত্রের ওপর ভিত্তি করেই তদন্তকাজ হয়েছে। তাই এ নিয়ে কারও অপসারণের কোনো প্রশ্নই ওঠে না।সম্প্রতি শিক্ষামন্ত্রী বুয়েট বন্ধ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য নজরুল ইসলাম বলেন, এটি শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত বিষয়। আন্দোলন ও বিক্ষোভের সময় ক্যাম্পাসে ছিলেন না বলেই শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করেছেন। এর আগে বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে সিন্ডিকেটের বৈঠকে বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, এ ব্যাপারে উপাচার্য ও সহ-উপাচার্য একক সিদ্ধান্ত নিয়ে তা সিন্ডিকেটকে জানান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকেরা আন্দোলন করছিলেন। গতকাল সাধারণ শিক্ষার্থী ছাড়াও প্রকাশ্যে যোগ দিয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে গত মঙ্গলবার কর্তৃপক্ষ আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি সামাল দিতে উপাচার্য গতকাল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন। এ সময় উপাচার্য ও সহ-উপাচার্যের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের জন্য আচার্যের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়।উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা যেহেতু তদন্ত কমিটির প্রতিবেদন মেনে নেননি, সে ক্ষেত্রে সিন্ডিকেট বিচার বিভাগীয় কমিটি গঠনে মত দিয়েছে। এর পাশাপাশি শিক্ষকদের সঙ্গে আলোচনা চলবে। তিনি আচার্যকেও বিষয়টি জানাবেন বলে জানান। এরই পরিপ্রেক্ষিতে মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার যদি তদন্ত করতে চায় সে ক্ষেত্রে উপাচার্য ও সহ-উপাচার্যকে নিজ নিজ পদ থেকে সরে যেতে হবে। তাঁরা থাকলে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করবেন।