প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হলে ১৬ জুন থেকে বিদ্যালয়ে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য আজ থেকে ৩১ মে পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন তাঁরা। এই সময়ের মধ্যে বৈঠকের তারিখ না হলে ১৬ জুন থেকে দেশের সব রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে উপজেলা চত্বরে জমায়েত ও বিক্ষোভ করা হবে। আন্দোলন শুরুর চার দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটায় এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্যসচিব আবদুর রহমান। এ সময় আরও বক্তৃতা করেন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম চৌধুরী। চারটি শিক্ষক সংগঠনের মোর্চা বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে ১৪ মে থেকে চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকেরা। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহাসমাবেশ’ করলেও সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় শহীদ মিনারেই রাত কাটিয়ে পরদিন মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মিছিল বের করেন শিক্ষকেরা। মিছিলটি শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিতে জলকামান থেকে গরম পানি ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। শাহবাগে শিক্ষকদের ওপর লাঠিপেটাও করা হয়।পরে সেখান থেকে শিক্ষকেরা শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। গত বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে আন্দোলনকারী শিক্ষক নেতাদের বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হলেও সাধারণ শিক্ষকেরা তা না মেনে সেখানেই অবস্থান নেন। শিক্ষক নেতারাও পরে তাঁদের সঙ্গে থাকেন। গতকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হলো।