চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। এ বৈঠকের জন্য ৩১ মে পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছেন তাঁরা। অন্যথায় ১৬ জুন থেকে দেশের সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কর্মসূচি শুরু হবে।আজ বৃহস্পতিবার আন্দোলনরত বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্যসচিব আবদুর রহমান এ ঘোষণা দেন। গত ১৪ মে থেকে এ দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষকেরা। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মহাসমাবেশ’ করলেও সরকারের কোনো আশ্বাস না পাওয়ায় শহীদ মিনারেই রাত কাটিয়ে পর দিন মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশে মিছিল বের করেন শিক্ষকেরা। মিছিল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দিতে জলকামান থেকে গরম পানি ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। একপর্যায়ে একদল শিক্ষক শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিলে তাঁদের লাঠিপেটা করে পুলিশ। প্রবীণ শিক্ষকেরাও মারধরের শিকার হন। এতে বেশ কয়েকজন আহত হন। এরপর তাঁর শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।গতকাল বুধবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সঙ্গে আন্দোলনকারী শিক্ষক নেতাদের বৈঠক হয়। সেখানে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হলেও সাধারণ শিক্ষকেরা তা মেনে নেননি। আজও কয়েক শ শিক্ষক শহীদ মিনারে শুয়ে-বসে অবস্থান কর্মসূচি পালন করেন। তাঁদের মধ্যে ২০ জন রোজা রেখেছেন। বেলা সোয়া তিনটার দিকে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে চার দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।