প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ রাজকুমারী অ্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা সফররত ব্রিটিশ রাজকুমারী অ্যান সৌজন্য সাক্ষাতৎ করেছেন। রাজকুমারী অ্যান আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাত্ করেন।সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, গণতন্ত্রকে সুসংহতকরণ, শিক্ষার উন্নয়ন এবং বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রাজকুমারী অ্যান নারীর ক্ষমতায়ন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন।নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার ব্যবস্থায় প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে মহিলা সদস্য নির্বাচনের ব্যবস্থা করেছে। তাঁর দল বিগত জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক নারীকে মনোনয়ন দেয়। এ ছাড়া বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা অধিষ্ঠিত আছেন।প্রধানমন্ত্রী বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে ধন্যবাদ জানান।রাজকুমারী অ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসের জন্য বাংলাদেশ জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড পাওয়ায় তাঁকে অভিনন্দন জানান।এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স, অ্যাম্বাসেডর-এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।